চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুর ও পানিসম্পদ কৌশল (সিডব্লিউআরই) বিভাগের আয়োজনে আগামী ২১ ও ২২মার্চ প্রথমাবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পানি সম্পদ প্রকৌশল শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স-২০১৮। কনফারেন্সে গুরুত্ব পাচ্ছে প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা, কর্ণফুলী, নদী বন্দর।
পুর ও পানিসম্পদ কৌশল বিভাগের সেমিনার কক্ষে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিভাগের প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার।
কনফারেন্সের প্রথমদিন মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকাস্থ নেদারল্যান্ড দূতাবাসের পানি ব্যবস্থাপনা বিষয়ক থিমাটিক এক্সপার্ট মি. পিটার ডি. এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল মতিন।
২১মার্চ সকালে সেমিনার কক্ষে আয়োজিত কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। বিশেষ অতিথি থাকবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, পুরকৌশল কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া। সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. আয়শা আখতার।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এবং বিশেষ অতিথি থাকবেন পুর কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
