বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
ত্রিশাল (ময়মনসিংহ): রবিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বাগান এলাকায় পিকআপ ভ্যানচাপায় মুক্তিযোদ্ধাসহ দুজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার হরিরামপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের ভাই ও মাগুরজোড়া গ্রামের মুক্তিযোদ্ধা শামসুল আলম (৬০) এবং উপজেলার চাউলাদী গ্রামের আবুল হাশিম (৭০)।
বরিশাল: সোমবার দুপুরে বাবুগঞ্জে সড়কে দ্রুত গতির থ্রি হুইলার (মাহিন্দ্রা) থেকে ছিটকে পড়ে ইউসুফ মল্লিক নামে ৭০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি বরগুনার আমুয়ার মরিচ বুনিয়া গ্রামের বাসিন্দা।
থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় থ্রি হুইলারসহ চালক জাহাঙ্গির হোসেনকে আটক করা হয়েছে।
মাগুরা: মাগুরা-নড়াইল সড়কের মাগুরা সদর উপজেলার বাটাজোড় এলাকায় রবিবার বিকালে সড়ক দুর্ঘটনায় কার্তিক চন্দ্র মন্ডল (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
কুষ্টিয়া: সোমবার সকালে কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন বিশ্বাস(৪৫) নিহত ও তার মা সুরাইয়া বেগম গুরুতর আহত হয়েছেন। তিনি কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
ইত্তেফাক/নূহু
