রাবিতে বিশ্ব সমাজকর্ম দিবস পালিত

আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৪:০৬
‘সম্প্রদায় ও পরিবেশগত টেকসই উন্নীত করণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব সমাজকর্ম দিবস পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলা ভবনের সামনে থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের করে তারা।
 
র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় সমাবেশে সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, অধ্যাপক ড. আফতারুজ্জামান, ড. সৈয়দা আফরীনা মামুন, অধ্যাপক ড. এমাজ উদ্দিন, অধ্যাপক ড. শেখ কবির উদ্দিন হায়দার, অধ্যাপক শরীফুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলামসহ বিভাগের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
 
সমাবেশে অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন বলেন, বর্তমানে আমাদের দেশের সম্প্রদায়গুলো নানাভাবে হারিয়ে যাচ্ছে, অসহায় হয়ে যাচ্ছে এবং বিভিন্নভাবে অনগ্রসর হয়ে যাচ্ছে। সেই অনগ্রসর সম্প্রদায়গুলোকে উন্নত করার জন্য সারা বিশ্বব্যাপী সমাজকর্ম অনুসারীদের কাজ করে যেতে হবে। সেই সাথে আমাদের পরিবেশটা যাতে স্থায়িত্বশীল হয় সেজন্য আমাদের আগামী দিনের ভাবনায়, আগামী দিনের গবেষণায় ও চিন্তা-চেতনায় এই জায়গাগুলোকে উন্নত করতে হবে। বর্তমানে মাত্র ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগ চালু রয়েছে। সমাবেশ থেকে সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই সমাজকর্ম বিভাগ চালু করার আহ্বান জানান তিনি।
 
ইত্তেফাক/এসএস