>> জাহিদ হাসান দিপু
বাঙালির ঐতিহ্যের প্রতীক বৈশাখ। বৈশাখ মানেই প্রাণের উত্সব, বৈশাখ মানেই রঙের উত্সব। তাই বৈশাখের আগমনে রং লাগে ঢাকা মহানগরীর প্রতিটি পথঘাটে। বৈশাখে নগরীর নানা প্রান্তরে সাজ সাজ রব চললেও নানা কারণে মিরপুর অঞ্চলে বৈশাখের আয়োজন নেই বললেই চলে। তাই বৈশাখের রঙকে সার্বজনীন করার জন্য তরুণ স্বেচ্ছাসেবীদের সংগঠন সম্ভাবনা ইয়ুথ-এর আয়োজনে মিরপুরের জনসাধারণের জন্য অনুষ্ঠিত হয় সম্ভাবনার বর্ষবরণ উত্সব-১৪২৬।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত এই বর্ষবরণ উত্সবের অন্যতম আর্কষণ ছিল আল্পনা উত্সব। চৈত্রের শেষ দিন ১৩ এপ্রিল সন্ধ্যায় শুরু হয় এ উত্সব। উত্সবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আঙিনা ও মিরপুর ২ নম্বর থেকে স্টেডিয়ামের ভিআইপি গেট পর্যন্ত প্রায় ৬০০ মিটার রাস্তার দু পাশ আল্পনা করা হয়। এতে সম্ভাবনার তরুণ স্বেচ্ছাসেবীদের সঙ্গে যোগ দেন ফেসবুকভিত্তিক মিরপুরের স্থানীয় সংগঠনের তরুণ, মিরপুরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ সাধারণ জনগণ। আল্পনা উত্সবের পরে পহেলা বৈশাখ সকাল সাড়ে ৯টায় মিরপুরের সর্বস্তরের জনগণের জন্য আয়োজন করা হবে মঙ্গল শোভা যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সম্ভাবনার এ উদ্যোগ সম্পর্কে সম্ভাবনার সভাপতি রবিউল ইসলাম রবিন বলেন, ঢাকা শহরের বিভিন্ন স্থানে বৈশাখে নানা আয়োজন থাকলেও মিরপুর অঞ্চলে বৈশাখের আয়োজন নেই বললেই চলে। তাই মিরপুরের জনসাধারণের জন্য প্রতিবছর সম্ভাবনা আয়োজন করে সম্ভাবনার বর্ষবরণ। উত্সবে আল্পনা, মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয় দেশের সংস্কৃতিকে।
উল্লেখ্য, ‘তারুণ্যই শক্তি’ এই স্লোগান নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সম্ভাবনার পৃষ্ঠপোষকতায় ২০১৬ সালের পহেলা বৈশাখ যাত্রা শুরু করে সম্ভাবনা ইয়ুথ। বঞ্চিত শিশুদের শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করতে যাত্রা শুরু করা সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের পাশাপাশি তরুণ সমাজকে দেশের উন্নয়নে উদ্বুদ্ধ করতে একটি প্লাটফর্ম হিসেবে কাজ করছে ।
