ট্রাভেল এজেন্ট এবং বিভিন্ন এয়ারলাইন্সের সেবা নিয়ে বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ঢাকা ট্রাভেল মার্ট। হোটেল সোনাগাঁওয়ে শুরু হওয়া এ মার্টে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্ট এবং পর্যটন খাতের বিভিন্ন কোম্পানি অংশগ্রহণ করবে। এ উপলক্ষ্যে মধ্যপ্রাচ্যভিত্তিক এয়ারলাইন্স এয়ার এরাবিয়া তাদের ভ্রমণ টিকেটে আকর্ষণীয় ছাড় দিয়েছে। পর্যটন পিপাসুদের জন্যও রাখছে তারা বিশেষ ব্যবস্থা।
এয়ারলাইন্সটির বাংলাদেশের জিএসএ ওয়ান ওয়ার্ল্ড এভিয়েশন লিমিটেডের পরিচালক আবদুর রহিম জানান, ট্রাভেল মার্ট উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে যেসব পর্যটক যাবেন তাদের জন্য বিশেষ প্যাকেজ থাকবে। ৪৯ হাজার ৯৯৯ টাকার এ প্যাকেজে এয়ার টিকিটসহ তিনদিন তিনরাত সংযুক্ত আরব আমিরাতে থাকার সুযোগ পাওয়া যাবে। এছাড়া কায়রো, আলেকজান্দ্রিয়া, মস্কো, ইস্তাম্বুল, নাইরোবিগামী যাত্রীরা মার্টেও তিনদিনে ৩০ শতাংশ কমে এয়ার টিকেট কিনতে পারবেন। মেলায়, এয়ার এরাবিয়া অফিস বা যেকোন ট্রাভেল এজেন্ট থেকে এ টিকেট কেনা যাবে।
তিনি জানান, বিক্রয় করা টিকিটগুলো থেকে র্যাফেল ড্র এর মাধ্যমে দুজন ভাগ্যবান বিজয়ীকে নির্বাচিত করা হবে- যারা ঢাকা-শারজাহ রুটে সৌজন্য টিকিট পাবেন। ট্রাভেল মার্ট উপলক্ষে যারা টিকিট কিনবেন তাদেরকে ৩১ ডিসেম্বরের মধ্যে ভ্রমণ করতে হবে।
ইত্তেফাক/ইউবি
