ধুনটে কূপ থেকে ছাগল উদ্ধারে ফায়ার সার্ভিস!

আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৬:৫২
এবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বগুড়ার ধুনট উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। কেবল আগুন, পানিতে ডুবে যাওয়া বা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগেই নয়, ছোট্ট থেকে ছোট্ট ঘটনায়ও ছুটে গিয়ে প্রাণ বাজি রাখছেন প্রতিষ্ঠানটির উদ্যোমী কর্মীরা।
 
হোক সেই পশু-পাখি আর হোক মানুষ। এবার এমনই সংবাদ পেয়ে পরিত্যক্ত কূপ থেকে ছাগল উদ্ধার করেছেন তারা। উদ্ধারের পর ছাগলটিকে মালিকের হাতে বুঝিয়ে দিয়েছেন। তাদের ছাগল উদ্ধারের বিষয়টি তাই নজর কেড়েছে পৌরবাসীর। পৌরবাসী ফায়ার সার্ভিস ও তাদের কর্মীদের ভূয়সী প্রশংসা করেছেন। তাদের প্রত্যাশা এমন ইতিবাচক সাড়া ভবিষ্যতেও থাকুক।
 
মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়ার ধুনট পৌর এলাকার চরপাড়া গ্রামের ফোরহাদ হোসেনের বাড়ির পরিত্যক্ত কূপ থেকে এই ছাগলটি উদ্ধারে ফায়ার সার্ভিস কর্মীদের অভিযান চলে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ৪০ ফুট গভীর অন্ধকার কূপ থেকে ছাগলটি উদ্ধার অভিযানে তারা সফল হয়েছে।
 
ছাগলের মালিক ফোরহাদ হোসেন জানান, একটি ছাগল বাঁচাতে ফায়ার সার্ভিস গাড়ি নিয়ে ছুটে আসবে তা ধারণায় ছিল না। অনেকটা হতাশা নিয়েই ফোন করি। তার কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের গাড়ি হুইসেল বাজাতে বাজাতে ছুটে আসে। এসময় অনেক মানুষ জুটে যায়। তারা ভেবেছিলেন কোথাও আগুন লেগেছে। ভুল ভাঙলো যখন ছাগলটিকে দেখিয়ে দেই তখন। ফায়ার সার্ভিসের সদস্যরা কোনও অবহেলা করেনি। বরং দ্রুত তারা কূপের ভেতর একটি বাঁশ নামিয়ে দেয়। এরপর বাঁশ বেয়ে একজন নীচ থেকে ছাগলটিকে জীবিত উদ্ধার করে। এই ছাগলটি সকালের দিকে গাছের পাতা খাওয়ার সময় আকস্মিক ভাবে পরিত্যক্ত কূপের ভেতর পড়েছিল।   
 
ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সিদ্দীকুর রহমান বলেন, যে কোনও দুর্ঘটনায় সাড়া দেওয়া আমাদের দায়িত্ব। আমরা প্রত্যেকটা প্রাণেরই সমান মূল্য দিই। যেকোনও দুর্ঘটনায় আমরা ছুটে যাই। এটা আমাদের কর্তব্য। তাই যে কোনও ছোট-বড় দুর্ঘটনা বা দুর্যোগে আমাদের খবর দিলে আমরা ছুটে যাবো। এতে হতাশ বা বিব্রত হওয়ার কোনও কারণ নেই।
 
ইত্তেফাক/এমআই