সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজি আটক

আপডেট : ২১ মার্চ ২০১৮, ০৮:৪৯
 
সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। গতকাল মঙ্গলবার প্যারিসের উত্তরের একটি থানায় তাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে নির্বাচনী তহবিল সংগ্রহ করার অভিযোগে তাকে আটক করা হয়। খবর এবিসি নিউজের
 
বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্যারিসের উত্তর-পশ্চিমে নানতেরে পুলিশ স্টেশনে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে সারকোজিকে। ২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সারকোজি গাদ্দাফির কাছ থেকে অর্থ সংগ্রহ করেছিলেন বলে অভিযোগ আছে। যদিও সারকোজি বারবার সেটি অস্বীকার করেছেন। ২০১৩ সাল থেকে তদন্ত চলছে। তবে তদন্ত নতুন মোড় নেয় ২০১৬ সালে।
 
ওই সময় ফরাসি-লেবানন ব্যবসায়ী জিয়াদ তাকেইদ্দিনে একটি বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে জানান, তিনি লিবিয়া থেকে আসা একটি স্যুটকেস সারকোজি ও তার সাবেক চিফ অব স্টাফ ক্ল্যঁদ জয়ন্তের কাছে হস্তান্তর করেছিলেন। ওই স্যুটকেসে ৫ মিলিয়ন ইউরো বা ৬ দশমিক ২ মিলিয়ন ডলার ছিল। ৬৩ বছর বয়সী সারকোজির আইনজীবী এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
IMG0
 
অভিযোগ, ২০০৭ সালের নির্বাচনে গাদ্দামি সর্বমোট ৫০ মিলিয়ন ইউরো দিয়েছিলেন সারকোজিকে। ২০১২ সালে দ্বিতীয়বার নির্বাচনে অংশ নিলে পরাজিত হন সারকোজি। ২০১৩ সালে গাদ্দাফির কাছ থেকে সারকোজির তহবিল পাওয়ার বিষয়টি তদন্ত শুরু করে ফ্রান্সের বর্তমান সরকার।
 
ইত্তেফাক/মোস্তাফিজ