স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশ উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করার ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি প্রজ্ঞাপন মোতাবেক বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক বিভাগ এ আয়োজন করে।
শোভাযাত্রাটি প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণ করে। পরে মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. জসিমউদ্দিন খান ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস মাহফুজুল বারি উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসএস
