জামালপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজ ছাত্রীকে মারধর

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২০:০৪

জামালপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজ ছাত্রীকে মারধর করেছে জাহাঙ্গীর (৩২) নামে এক বখাটে। পরে স্থানীয়রা আহত ছাত্রীকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। মঙ্গলবার (১৬ এপ্রিল) জামালপুর শহরের বনপাড়া রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে । পরে বখাটে জাহাঙ্গীরকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

নির্যাতিতা তানিশা আক্তার তানিয়া সরকারী আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজের অর্নাস প্রথম বর্ষের অর্থনীতি বিভাগের ছাত্রী। সে পৌর এলাকার বনপাড়ার মৃত তাজুল ইসলামের মেয়ে। তিনি জানান, কলেজ ও কোচিংয়ে যাওয়া-আসার পথে বখাটে জাহাঙ্গীর তাকে প্রায় সময় উত্ত্যক্ত করতো। ওইদিন শহরের খামারবাড়ী এলাকা থেকে কোচিং শেষে বাড়ি ফেরার পথে উত্ত্যক্তের এক পর্যায়ে প্রতিবাদ করলে তাকে রাস্তায় ফেলে দিয়ে শারীরিকভাবে নির্যাতন চালায়। বেধড়ক মারধরের এক পর্যায়ে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন:  আগুন সন্ত্রাসীদের নুসরাতকে নিয়ে মায়াকান্না শোভা পায় না: তথ্যমন্ত্রী

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ জানান, 'তানিয়ার উপর শাররিক নির্যাতন হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে'।

এ বিষয়ে তানিশা আক্তার তানিয়া বাদি হয়ে জামালপুর সদর থানায় নির্যাতনকারী জাহাঙ্গীর বিরোদ্ধে  নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান জানান, 'এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নেওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে বখাটে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরন করা হবে'।

ইত্তেফাক/জেডএইচডি