বিয়ের আসর থেকে কাজীসহ বর-কনের মা জেলহাজতে

আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৯:৩৯
রাজশাহীর তানোরে বাল্য বিয়ের আসর থেকে গ্রেফতার বর ও কনের মা এবং দুই সহকারী কাজীকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চকপ্রভুরাম এলাকায় বাল্যবিয়ের প্রস্তুতিকালে বরের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। 
 
পুলিশ পুলিশ জানায়, তানোর পৌরসভার মোল্লাপাড়ার আব্দুল মান্নানের মেয়ে দশম শ্রেণির ছাত্রী পপি আক্তারের (১৫) সঙ্গে তার আপন খালাতো ভাই উপজেলার চকপ্রভুরাম গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে আসাদুজ্জামানের (২০) বাল্য বিয়ে চলছিল। 
 
পপির সহপাঠীরা এ বিয়ের খবর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. শওকাত আলীকে অবহিত করেন। পরে তানোর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক মৃধার নেতৃত্বে একদল পুলিশ সদস্য চকপ্রভুরাম গ্রামে বিয়ের আসরে গিয়ে বাধা দেয়। কিন্তু পুলিশ দেখে সবাই পালিয়ে গেলেও কামারগাঁ ইউনিয়নের সহকারী কাজী আশরাফুল ইসলাম (৩৮) ও জাহাঙ্গীর আলম (২৪) এবং কনের মা মনোয়ারা বিবি (৩৫) ও ছেলের মা জাবেদা বেগমকে (৩৬) আটক করে পুলিশ। এ সময়ে বিয়ে রেজিস্ট্রির দুটি নথিও (খাতা) জব্দ করা হয়।
 
তানোর থানার ওসি রেজাউল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওই বাল্য বিয়ে বন্ধ করে বর-কনের মাসহ দুই সহকারী কাজীকে মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি