প্রয়াত আইয়ুব বাচ্চুর গড়া এলআরবি ব্যান্ডের নাম পরিবর্তন করায় ফুঁসে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। অনেকেই সিদ্ধান্তটি আবারো বিবেচনার জন্য অনুরোধ করেছেন আইয়ুব বাচ্চুর পরিবার আর বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি ব্যান্ডের সদস্যদের। শুধু তাই নয়, এ প্রসঙ্গ নিয়ে তার মেয়ে ফাইরুজ সাফরাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।—এমনটাই দাবি করেছেন ছেলে আহনাফ তাজওয়ার আইয়ুব।
ফেসবুকে সম্প্রতি আহনাফ লেখেন, ‘আমি এ রকম ১ হাজার মন্তব্য পড়েছি। যেখানে বলা হয়েছে আমার বাবা আমার ব্যক্তিগত সম্পত্তি নন, তিনি জাতীয় সম্পদ। কিন্তু দিনশেষে তিনি আমার বাবা।’
আহনাফ আরো লেখেন, ‘বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার কাছে এলআরবিরও মৃত্যু ঘটেছে। কিন্তু তার মানে এই না যে, বাবার গানগুলো শেষ হয়ে যাবে। আমি কিন্তু তা বলছি না।’ তিনি লেখেন, ‘আমার বাবা আমার ব্যক্তিগত সম্পত্তি নন। তিনি আমার বোনেরও ব্যক্তিগত সম্পত্তি নন। তিনি বাংলাদেশের জাতীয় সম্পদ। ছিলেন, আছেন এবং থাকবেন। তার গানগুলোর ভেতর দিয়ে তিনি মানুষের হূদয়ে বেঁচে থাকবেন।’
আহনাফ এলআরবির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে লিখেছেন, ‘যদি আপনারা ভেবে থাকেন আমার উদ্দেশ্য আমার বাবার স্থান নেওয়া, তাহলে ভুল করছেন। আমার বাবা যে মাপের মানুষ ছিলেন, আমি যদি তার ১০০ ভাগের এক ভাগও হতে পারতাম তাহলে নিজেকে নিয়ে গর্ব করতাম। আর শিল্পী বাবার কথা বাদ দিচ্ছি। আমি কোনোদিন তার জায়গা নিতে পারবো না।’
