কানের জৌলুস শুরু

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২১:২২

এক মাসও নেই। গত ১৫ এপ্রিল পোস্টার প্রকাশ করে সেটা জানিয়ে দিলো কান চলচ্চিত্র উত্সব কর্তৃপক্ষ। আগামী ১৪ মে শুরু হচ্ছে এ উত্সবের ৭২তম আসর। কোন কোন সিনেমা স্বর্ণপামের দৌড়ে থাকবে সেটা জানা যাবে কাল। তবে এখন থেকেই উত্সবটির নানা হালচাল নিয়ে বিভিন্ন কথাবার্তা চলছে—

ভৌতিক শুরু!

কানের এই আসরের শুরুটা হবে রহস্যময় ভৌতিক কমেডি ঘরানার সিনেমা ‘দ্য ডেড ডোন্ট আই’-এর মাধ্যমে। মার্কিন পরিচালক জিম জারমাশের এ ছবি উত্সবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য প্রতিযোগিতা বিভাগে লড়বে। এই লড়াইয়ের বাকি প্রতিদ্বন্দ্বীদের নাম জানা যাবে কাল। কান উত্সবের সভাপতি পিয়ের লেসকিউর ও পরিচালক থিয়েরি ফ্রেমো বাংলাদেশ সময় বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমাগুলোর নাম প্রকাশ করবেন।

 

পোস্টারে ‘কান বন্ধু’

নারী নির্মাতা অ্যানিস ভার্দাকে সম্মান জানিয়ে এবারের পোস্টারটি করা হয়েছে। যিনি গত ২৯ মার্চ না ফেরার দেশে পাড়ি জমান। বরেণ্য এই নির্মাতার প্রতি সম্মান জানিয়ে তার একটি ছবিকে রাখা হয়েছে পোস্টারে। যেখানে দেখা যাচ্ছে, একজন টেকনিশিয়ানের কাঁধের ওপর দাঁড়িয়ে তিনি ক্যামেরায় চোখ রেখেছেন। অ্যানেস ভার্দার এই ছবি অনেক পুরোনো। তার প্রথম সিনেমা ‘লা পোয়ান্ত কোর্ট’-এর শুটিংয়ের সময়কার। সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৫৪ সালে। একই সালে সিনেমাটি কান চলচ্চিত্র উত্সবেও প্রদর্শিত হয়। কান চলচ্চিত্র উত্সবের সঙ্গে অ্যানেস ভার্দার সম্পর্ক আরো ঘনিষ্ঠ। কেননা, তার নির্মিত ১৩টি সিনেমা এই উত্সবের প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছিল।

 

এদুয়ার্দ বেয়ার ৪ বার

গত কান উত্সবের মাস্টার অব সিরিমনিস এদুয়ার্দ বেয়ার শেষকথা ছিল, ‘কেউ জানে না কী করতে হবে। আমরা সেরাটাই চেষ্টা করি। যতটা সম্ভব।’ এ যেন আয়োজকদের মনের কথা! শুধু আয়োজক নয়, সেবার সবারই মন জয় করেছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় এবারো মাস্টার অব সিরিমনিস হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এই ফরাসি অভিনেতা এ নিয়ে ৪ বার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

এবারের বিচারক

অস্কারজয়ী মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতু এবারের আসরের প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। ‘আঁ সার্তে রিগার্দ’ বিভাগে বিচারকরা দায়িত্ব সামলাবেন লেবাননের নারী নির্মাতা নাদিন লাবাকির নেতৃত্বে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ফিল্ম স্কুলের শিক্ষার্থীদের বিভাগ সিনেফঁদাসোতে বিচারকদের প্রধান থাকবেন নারী নির্মাতা ক্লেয়ার ডেনিস।

 

ঢাকার গল্প দেখাবে কান

ঢাকার গল্পে নির্মিত হয়েছে ‘স্যান্ড সিটি’। এটি প্রদর্শিত হবে কানের এই আসরে। ছবিটিতে ৩টি চরিত্রের মাধ্যমে এ শহরের সংগ্রামের চিত্রকে তুলে ধরা হবে। উত্সবের ‘লা ফ্যাব্রিক দ্য সিনেমা দ্যু মুন্দ’ বিভাগে স্থান পাওয়া এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন বাংলাদেশের তরুণ নির্মাতা মাহদী হাসান। এর আগে কামার আহমাদ সাইমনের ‘শঙ্খধ্বনি’ চলচ্চিত্রটি এ উত্সবের চলচ্চিত্র প্রকল্প হিসেবে মনোনীত হয়েছিল। বাংলাদেশ ছাড়াও তরুণ নির্মাতাদের চলচ্চিত্র প্রকল্পের এ বিভাগে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, বুরকিনা ফাসো, মিসর, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, রুয়ান্ডা ও তিউনিসিয়া।

 

৬০ বছরে মার্শে দ্যু ফিল্ম

কানে বিশ্বের সবচেয়ে পুরোনো ও শীর্ষস্থানীয় চলচ্চিত্র বাজার মার্শে দ্যু ফিল্মের ৬০ বছরপূর্তি হচ্ছে এবার। ১৯৫৯ সালের কান চলচ্চিত্র উত্সবে স্বল্প পরিসরে এটি চালু হয়েছিল। অল্প সময়ে প্রযোজক, পরিবেশকদের মনোযোগের কেন্দ্রে চলে আসে এই আয়োজন। ১৯৬১ সালের ১০ মে পরিপূর্ণভাবে শুরু হয় এটি। সেই থেকে প্রতি আসরে এই বিভাগে বিশ্বের বিভিন্ন প্রান্তের ফিল্ম প্রফেশনালদের স্বাগত জানানো হচ্ছে। প্রেক্ষাগৃহ, টেলিভিশন, ইন্টারনেট প্লাটফর্ম ও প্রামাণ্যচিত্রের পরিবেশনা স্বত্ব বেচাকেনার ব্যাপারে আলোচনার জন্য এটি অপরিহার্য ভেন্যু।