ইউএস-বাংলা উড়োজাহাজের শাহজালালে জরুরি অবতরণ কারিগরি ত্রুটি

আপডেট : ২৫ মার্চ ২০১৮, ১০:১১
ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ আবারো কারিগরি ত্রুটির কবলে পড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। গতকাল শনিবার সকাল পৌনে ৯টায় উড়োজাহাজটি মায়েশিয়ার কুয়ালালামপুর যাচ্ছিল।  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর (এইচএসআইএ) থেকে উড্ডয়নের ২০ মিনিট পর আকাশে থাকা অবস্থায় বিএস ৩১৫ ফ্লাইটটির পাইলট ইঞ্জিনে বিপদ সংকেত দেখতে পান। সাথে সাথে বিষয়টি পাইলট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারে বার্তা পাঠান এবং ১৫ মিনিট পরই পুনরায় এ বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করান। ফিরে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে প্রকৌশলীগণ কোনো ত্রুটি খুঁজে না পাওয়ায় ফ্লাইটটি পুনরায় বেলা ১১টা ৪৫ মিনিটে যাত্রা শুরু করে।
 
কুয়ালালামপুরগামী   ইউএস-বাংলার এ ফ্লাইটে ১৬৪ জন যাত্রী ছিলেন। ফ্লাইটটির ঢাকা ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল সকাল ৮টা ৫০ মিনিট। কারিগরি ত্রুটি সারিয়ে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর এটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে। বেবিচক সূত্রে জানা গেছে, বিএস ৩১৫ ফ্লাইটটি আকাশে উড্ডয়নের পরপরই এটির ‘ফুয়েল ফিল্টার বাইপাস’র ওয়ার্নিং লাইট বা বিপদ সংকেত বাতি জ্বলে ওঠে। এই সংকেত দেখার পরই পাইলট শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণের সিদ্ধান্ত নেন।
 
ইউএস-বাংলার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, অবতরণের পরে উড়োজাহাজটি পরীক্ষা করে কোনো কারিগরি ত্রুটি পাওয়া যায়নি। এরপর একই উড়োজাহাজ কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে। তিনি বলেন, উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে পাইলট ছোটখাটো একটা কারিগরি ত্রুটির সিগনাল পান। উড্ডয়নরত অবস্থায় কিছুক্ষণের মধ্যে তা আবার ঠিক হয়ে গেলেও পাইলট নিরাপত্তার দিকটি বিবেচনা করে ফিরে এসে চেকআপ করিয়ে নেন। তিনি বলেন, ‘পাইলট ভেবেছেন- যেহেতু ঢাকার আকাশেই আছি, ত্রুটির সিগনালটা দেখে নেই। কিছুদিন আগে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটায় অধিক সতর্কতা থেকে তিনি ফিরে এসে পুনরায় চেক করেছেন। এ ধরনের ফল্ট সিগনাল মেজর কিছু নয়।’
 
কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার একটি বিমানের ভয়াবহ দুর্ঘটনার ১২ দিনের মাথায় এ ঘটনা ঘটলো। গত ১২ মার্চ নেপালে ইউএস-বাংলার একটি উড়োজহাজ বিধ্বস্ত হলে ৫১ যাত্রী নিহত হন।