আলোচনায় নেই অপু বিশ্বাস। অনেকেরই প্রশ্ন, কী করছেন তিনি? এরইমধ্যে দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ শিরোনামের একটি চলচ্চিত্রের কাজ অনেকটাই শেষ করেছেন তিনি। বাপ্পী চৌধুরী এই ছবিতে সহ-অভিনেতা হিসেবে কাজ করছেন। ছবিটি নিয়ে বছরেরর শুরুতে খানিকটা তোড়জোড় হলেও এখন কাজ হচ্ছে ধীরগতিতে। অপু বিশ্বাস বলেন, ‘এখন বেশি কাজ করতে চাই না। কম কাজ করবো, সেগুলো অবশ্যই মানসম্মত হবে। শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ সিনেমার কাজ এখনো কিছুটা বাকি। আশা করছি কম সময়ের মধ্যেই এটা শেষ করতে পারবো।’
সম্প্রতি কলকাতার একটি সিনেমায়ও কাজ করেছেন অপু। শর্টকাট শিরোনামের চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত ও গৌরব চক্রবর্তী। ছবির গল্প নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘কাজটি বেশ ভালোই হয়েছে। আমি সবসময় এমন কাজের অপেক্ষাতেই থাকি। এই ছবির গল্পটাও দারুণ। এই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুটো আলাদা আর্থ-সামাজিক অবস্থার দুই যুবকের গল্প নিয়ে নির্মিত এটি। বিত্তবান পরিবারের একটি ছেলে আর ঠিক পাশের বস্তিতে থাকা আরেকটি ছেলে। আপাতদৃষ্টিতে দু’জনের অবস্থান আলাদা হলেও তাদের দু’জনের জীবনেই ব্যর্থতার গ্লানি রয়েছে। কোথাও গিয়ে তারা মিলে যায়। তারা পরিস্থিতি থেকে বের হতে পারে কি-না, তা নিয়ে ছবির গল্প।’
এই অভিনেত্রী আরো বলেন, ‘একটা কাজ শেষ করে অন্য একটা কাজে হাত দিতে চাই। তাড়াহুড়ো নেই আমার। কারণ একটা সময় দিনরাত কাজ করেছি। এখন আমার ছেলে আব্রাম খান জয় স্কুলে যাচ্ছে নিয়মিত। তাকেও সময় দিতে হচ্ছে।’
