কেপটাউন টেস্টের মাঝপথেই স্মিথ-ওয়ার্নার বরখাস্ত

আপডেট : ২৫ মার্চ ২০১৮, ১৬:১৩
বল টেম্পারিং–কাণ্ডে তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার অধিনায়ক ও সহ-অধিনায়কের পদ থেকে বরখাস্ত হয়েছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এই খবর। 
 
কেপটাউন টেস্টের তৃতীয় দিন ক্যামেরায় ধরা পড়ে, ক্যামেরন ব্যানক্রফট বল টেম্পারিং করছেন। এর একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়লে গোটা ক্রিকেট বিশ্বে শোরগোল পড়ে যায়। বিষয়টি অস্ট্রেলিয়া সরকার পর্যন্ত গড়ায়। কালই সংবাদ সম্মেলনে পুরো অপরাধ স্বীকার করে নেন স্মিথ। জানান, টেস্ট জিততে মরিয়া হয়ে এই কাণ্ড ঘটিয়েছে তাঁর দল। ভবিষ্যতে তাঁর নেতৃত্বে এমনটা আর হবে না বলেও আশ্বস্ত করেন স্মিথ। তবে ওই ঘটনার রেশ থাকতে থাকতেই নেতৃত্বই ছেড়ে দিতে হলো এই ব্যাটসম্যানকে। পদ ছাড়তে হলো তাঁর ডেপুটি ওয়ার্নারকেও।
IMG0
মেলবোর্নে সিএর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড সাংবাদিকদের ব্রিফ করছেন
 
বল টেম্পারিংয়ের দায়ে কোনো টেস্ট অধিনায়ককে সরে যেতে বাধ্য করা এমনিতেই বড় ঘটনা। আর একটি টেস্ট চলার মাঝপথেই অধিনায়কের পদ ছেড়ে দেওয়া তো আরও বিরল। চলতি টেস্টের চতুর্থ দিন থেকে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিচ্ছেন উইকেট রক্ষক টিম পাইন। টেস্টের শেষ দুই দিনের নেতৃত্ব থাকবে এই উইকেটরক্ষকের কাঁধে। সিরিজ শেষে সিএ ভবিষ্যৎ অধিনায়ক ঠিক করবে।
IMG1
তৃতীয় দিন ফিল্ডিংয়ের সময় ব্যনক্রফ্টের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠলে তাকে মাঠেই জিজ্ঞাসাবাদ করেন দুই আম্পায়ার। এসময় যোগ দেন স্মিথ।  
 
এই শোরগোলের মধ্যেই এগিয়ে চলছে খেলা। ৫ উইকেট হাতে নিয়ে এরই মধ্যে লিডের আকারটি ৩১৮ রানে নিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ৪ টেস্টের সিরিজে ১-১ সমতা। এই টেস্ট জিতলে ২-১-এ এগিয়ে যাবে স্বাগতিকেরা। কাল স্মিথ স্বীকার করেছেন, অবস্থা বেগতিক দেখে মরিয়া হয়ে এই কাণ্ড ঘটিয়েছে অস্ট্রেলিয়া। যদিও গতকাল পর্যন্ত তাঁর কথায় মনে হচ্ছিল, নেতৃত্ব চালিয়ে যেতে ইচ্ছুক এই ২৮ বছর বয়সী। কিন্তু চাপের মুখে আজ সরে যেতেই হলো।
IMG2
তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে বল টেম্পারিংয়ের অভিযোগ স্বীকার করে নেন ব্যানক্রফ্ট ও স্মিথ।
 
সিএর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন, ‌‘স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের সঙ্গে আলোচনা পর ওরা এই টেস্টের বাকি সময়ের জন্য অধিনায়ক ও সহ-অধিনায়কের নিজ নিজ পদ ছেড়ে দিতে রাজি হয়েছে। বাকী দুইদিনের জন্য টিম পেইন নেতৃত্ব দিবেন। সেসঙ্গে ঘটনাটি নিয়ে অস্ট্রেলিয়ার নিজস্ব তদন্ত অব্যাহত থাকবে।’
 
ইত্তেফাক/রেজা