দর্শনীর বিনিময়ে নিয়মিত নাট্যচর্চার সাড়ে ৪ দশক পূর্তি এবং প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পহেলা বৈশাখ ১৪২৬-এ নাগরিক নাট্য সম্প্রদায় একটি উত্সবের আয়োজন করে। নাগরিক নাট্য আন্দোলনে নতুন উদ্যোগ হিসেবে কয়েকটি নাট্য প্রযোজনাকে প্রণোদনা প্রদান এবং নাটকগুলো নিয়ে পরবর্তীতে একটি নাট্য উত্সব উদযাপনের ঘোষণা দেয়। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে তরুণ মঞ্চ নাট্য-নির্দেশকদের কাছ থেকে নতুন নাটক আহ্বান করে নাগরিক নাট্য সম্প্রদায়। প্রাপ্ত নাটকসমূহ থেকে প্রসিদ্ধ এবং দক্ষ নির্বাচকমণ্ডলী ৫টি নতুন নাট্য প্রস্তাবনা নির্বাচন করে প্রণোদনা প্রদানের লক্ষ্যে। নাটকগুলোর নির্মাণ গতি তরান্বিত করার লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে প্রণোদনা অর্থের ২৫% প্রদান করা হয় গত ১৫ এপ্রিল। নাগরিক নাট্য সম্প্রদায়ের এই আন্তরিক প্রচেষ্টায় সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করেছে বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, ইউনিলিভার বাংলাদেশ লি. ও মঙ্গল দীপ ফাউন্ডেশন। এই বছরের শেষের দিকে প্রণোদিত ৫টি নাটক এবং নাগরিক নাট্য সম্প্রদায়ের নতুন ২টি প্রযোজনা অর্থাত্ ৭টি নাটকের প্রথম মঞ্চায়নের মধ্য দিয়ে একটি নাট্য উত্সব উদযাপন করা হবে। তরুণ নাট্য-নির্দেশকদের প্রণোদনা প্রদানের মাধ্যমে নিয়মিত নাট্য প্রদর্শনীতে উদ্বুদ্ধকরণ এবং তাদের নির্দেশিত নাটকের উদ্বোধনী প্রদর্শনী সকলের কাছে তুলে ধরার নতুন এই ভাবনার সাথে এ দেশের মঞ্চনাটকের দর্শকদের সম্পৃক্ত এবং আগ্রহী করে তুলতে চায় নাগরিক নাট্য সম্প্রদায়।
