দুইশ বছর ধরে তৈরি করা স্থাপনা কয়েক ঘণ্টার আগুনে ছারখার

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২১:৩৩

ফ্রান্সে ৮৫০ বছরের প্রাচীন নটরডেম ক্যাথেড্রালে অগ্নিকাণ্ড

ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত স্থাপনার একটি প্যারিসের নটরডাম ক্যাথেড্রাল আগুনে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটি পুরোপুরি তৈরি করতে সময় লেগেছিল দুইশ বছর। গির্জাটি দ্বাদশ ও ত্রয়োদশ শতক ধরে নির্মাণ করা হয়।

অগ্নিকাণ্ডের পর মূল কাঠামো এবং দুটো বেল টাওয়ার রক্ষা করা গেছে বলে জানান কর্মকর্তারা। প্রাচীন গোথিক ভবনটিকে রক্ষার জন্য দমকল কর্মীরা ব্যাপক চেষ্টা চালালেও এর উঁচু মিনার এবং ছাদ ধসে পড়ে। অগ্নিকাণ্ডের কারণ এখনো পরিষ্কার নয়, তবে কর্মকর্তারা বলছেন, চলমান সংস্কার কাজের সাথে কোনো যোগসূত্র থাকতে পারে। স্থানীয় সময় সোমবার সাড়ে ছয়টার দিকে আগুন লাগে এবং দ্রুত তা ছাদে ছড়িয়ে পড়ে। ক্যাথিড্রালের ছাদে যখন আগুন জ্বলতে থাকে এবং ভবনের জানালা ধ্বংস করে দেয়, তখন প্রচণ্ড জোরে শব্দ শোনা যায়। উঁচু মিনার খসে পড়ার আগে কাঠের তৈরি কাঠামো ধ্বংস হয়ে যায়। একটি বেল টাওয়ার ধসের হাত থেকে রক্ষার জন্য ৫০০ জন ফায়ার ফাইটার কাজ করেন। খবর বিবিসি বাংলার

ক্যাথেড্রালের শিল্পকর্ম সংরক্ষণ এবং এর উত্তরাংশে টাওয়ার রক্ষার জন্য রাতভর সর্বাত্মক চেষ্টা চালানো হয়। ক্যাথেড্রালের আশেপাশের রাস্তায় হাজার হাজার মানুষ জড়ো হন আগুনের ঘটনা প্রত্যক্ষ করার জন্য। অনেককে প্রকাশ্যে কাঁদতে দেখা যায়, একই সময়ে অন্যরা দুঃখ করছিলেন, কেউবা প্রার্থনা করছিলেন। রাজধানীর অনেক গির্জায় বেল বাজাতে শোনা যায়। ইতিহাসবিদ কামিলি পাস্কাল ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভিকে বলেন, আগুন ধ্বংস করে দিচ্ছে অমূল্য ঐতিহ্য। ৮০০ বছর ধরে এই ক্যাথেড্রাল প্যারিসে দাঁড়িয়ে ছিল।

শতাব্দীর পর শতাব্দী ধরে খুশির এবং দুর্ভাগ্যজনক ঘটনায় নটরডামের ঘণ্টাধ্বনি তাকে স্মরণীয় করে রেখেছে। বিবিসি ওয়ার্ল্ড অনলাইনের হেনরি আস্টয়েরের বিশ্লেষণ অনুসারে, নটরডামের মতো অন্য কোনো নিদর্শন বা  স্থান ফ্রান্সের প্রতিনিধিত্ব করতে পারে না। জাতীয় প্রতীক হিসেবে এর কাছাকাছি প্রতিদ্বন্দ্বী আইফেল টাওয়ার। এই ক্যাথেড্রালটি সর্বশেষ বড় ধরনের ক্ষতির শিকার হয়েছিল ফরাসি বিপ্লবের সময়। প্রতি বছর নটরডাম ক্যাথেড্রাল দেখতে আসেন আসেন এক কোটি ৩০ লাখ দর্শনার্থী ।