সংসদ সদস্যের ডিও লেটার জাল করে বিক্রি করার অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুরে ফয়সাল আহমেদ নামে এক কম্পিউটার দোকান মালিককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেহেলী লায়লা এই কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ফয়সাল আহমেদ শাহজাদপুর পৌর এলাকার শেরখালী মহল্লার আব্দুস সামাদের ছেলে ও মনিরামপুর বাজারের হাইটেক কম্পিউটারের মালিক।
উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা এ তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের জাল ডিও লেটার তৈরি করে টাকার বিনিময়ে মানুষের কাছে বিক্রি করে আসছিলেন ফয়সাল আহমেদ। এমন সংবাদের ভিত্তিতে ওই কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
