কোটা সংস্কারের দাবিতে গলায় সার্টিফিকেট ঝুলিয়ে রাস্তায় ঝাড়ু দিয়ে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। রবিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ চবি শাখার নেতাকর্মীরা।
এ সময় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিলও করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ১নং গেট থেকে শুরু করে রেলক্রসিংয়ে এসে আবার একই স্থানে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটে সমাবেশ করেন তারা।
এবিষয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ চবি শাখার অাহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী আমরা আজকে সফলভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ কর্মসূচি পালন করেছি।
IMG0
আর গলায় সার্টিফিকেট ঝুলিয়ে রাস্তায় ঝাড়ু দিয়ে পরিষ্কার করার বিষয়ে বলতে গেলে, এটা হচ্ছে একটি প্রতীকী বিক্ষোভ। এর মাধ্যমে আমরা বুঝাতে চেষ্টা করেছি যে, এই যে কোটা ব্যবস্থার কারণে অনেক ছাত্রছাত্রী যোগ্যতা থাকা সত্ত্বেও ভালো মানের চাকরি করতে পারছে না। বাধ্য হয়ে তাদের নিম্ন মানের চাকরি বা কাজ করতে হচ্ছে। এই বিষয়েটি তুলে ধরতেই আমাদের এই প্রতীকী আন্দোলন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, মেরিন সাইন্স বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মনিরুল ইসলাম, নিশাদ, সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের আল আমিন, একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুজন ও অর্থনীতি বিভাগের মামুনসহ আরো অনেকেই। এ সময় সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরকেজি
