রংপুরের বদরগঞ্জে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে (৯) ধর্ষণ অভিযোগে মাহাবুবার রহমান মোহন (২০) নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে উপজেলার মধুপুর ইউপির উত্তর বাওচণ্ডি ফেসকিপাড়ায় ধর্ষণের ঘটনা ঘটে।
অভিভাবক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাতে শিশুটি পাশের বাড়িতে টিভি দেখে বাড়ি ফেরার পথে স্থানীয় আবু সাঈদের শ্যালক মাহাবুবার মোহন শিশুটিকে জোরপূর্বক অন্ধকারে নিয়ে গিয়ে ধর্ষণ করে। রাতে শিশুটি বাড়ির কাউকে না জানালেও (সোমবার) সকালে শিশুটির দাদি শিশুটির রক্তমাখা কাপড় দেখে বুঝতে পেরে তাকে জিজ্ঞাসা করলে সে দাদিকে সবকিছু খুলে বলে।
দাদি বাড়ির সকলকে বিষয়টি জানালে এলাকাবাসী একত্রিত হয়ে অভিযুক্ত মাহাবুবারকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মাহাবুবারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। মাহাবুবার রংপুর সিটির আলমনগর মহল্লার (কলোনির) মকবুল হোসেনের ছেলে। সে বদরগঞ্জে দুলাভাই আবু সাঈদের বাড়িতে থাকতো।
এ দিকে, শিশুটির রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় প্রথমে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আ. হাই রুবেল জানান, মেয়েটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) শাহিনুর আলম জানান, অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এসএস
