সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে গতকাল গণহত্যা দিবস পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানের হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত ভয়াবহ গণহত্যাকে স্মরণ করে দূতাবাস প্রাঙ্গনে মোমবাতি প্রজ্জলন করা হয়। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ মোমবাতি প্রজ্বলন করেন।
দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ এসময় মোমবাতি প্রজ্বলন করে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ২৫ মার্চ কালোরাতে নিহত সকল বীর শহীদদের। এ সময় দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশের সাথে মিল রেখে দূতাবাসের সকল বাতি বন্ধ করে এক মিনিট প্রতীকী ব্লাক-আউট পালন করা হয়।
এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানের আর্মি যে গণহত্যা চালিয়েছিল তা ইতিহাসের ভয়াবহ ও জঘন্য হত্যাকাণ্ড বলে বিবেচিত। সেদিন পাক হানাদার বাহিনী অপারেশন সার্চলাইটের নামে নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে আপামর জনগণ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পরবর্তীতে স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছিল। রাষ্ট্রদূত ২৫ মার্চের কালোরাতের নির্মম হত্যাকাণ্ডকে আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবসের স্বীকৃতি প্রদান করার আহবান জানান।
এরপর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গনে মুক্তিযুদ্ধের গণহত্যা নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘স্টপ জেনোসাইড’ প্রদর্শন করা হয়।
ইত্তেফাক/কেআই
