ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

আপডেট : ২৬ মার্চ ২০১৮, ২২:৫৩

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৮ যথাযোগ্য মর্যাদায় এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ দূতাবাস হ্যানয়, ভিয়েতনামে উদযাপন করা হয়।

এ উপলক্ষে রাষ্ট্রদূত মিজ সামিনা নাজ সকালে চ্যান্সারি ভবনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ তাদের পরিবারের সদস্যগণ এবং প্রবাসী বাংলাদেশীগণ এ সময় উপস্থিত ছিলেন।

জাতীয় পতাকা উত্তোলনের পর চ্যান্সারী ভবনে জাতীয় সংগীতে সকলে একসঙ্গে অংশগ্রহন করেন। দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী, তাঁদের পরিবারের সদস্যগণ, প্রবাসী বাংলাদেশীগণ একযোগে জাতীয় সংগীত পরিবেশনে অংশগ্রহণ করেন। এরপর মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান মন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যগণ, শহীদ মুক্তিযোদ্ধাসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত প্রার্থনা এবং দেশের সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এরপর রাষ্ট্রদূত দিবসটির তাৎপর্য তুলে ধরে বঙ্গবন্ধু এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক এক আলোচনার সূত্রপাত করেন এবং প্রামাণ্যচিত্র প্রদর্শণীর আয়োজন করা হয়।

আলোচনা সভায় ভিয়েনামে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় অতিথিবৃন্দ এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও তাঁদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে মহান স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপরিসীম অবদানের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। ৩০ লক্ষাধিক শহীদের আত্মত্যাগ এবং ১০ লক্ষাধিক মা ও বোনের সম্ভ্রমহানীর বিনিময়ে অর্জিত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের কথা তিনি ও অন্যান্য বক্তারা বিনম্র শ্রদ্ধাসহকারে স্মরণ করেন। বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসুরী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার কর্তৃক দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গৃহীত পদক্ষেপ এবং অর্জনের উপর মান্যবর রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে আলোকপাত করেন।

রাষ্ট্রদূত বলেন আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। তিনি বলেন, ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে। তিনি বলেন, বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিয়েতনাম সরকারের ডেপুটি ফরেন মিনিষ্টার দাং দিন কুই। ভিয়েতনামে ডিপ্লোমেটিক কোরের ডিন ভেনিজুয়েলার রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, প্রবাসী বাংলাদেশীগণ, ভিয়েতনাম কমিউনিষ্ট পার্টির এক্সটারনাল রিলেশনস কমিশনের মহা-পরিচালক সহ ভিয়েতনামের উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাগন, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, গনমাধ্যম ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ব্যবসায়িক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু