প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন রোহিঙ্গা এই মুহূর্তে বাংলাদেশের জন্য একটি বড় ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিকভাবে কঠোর চাপ প্রয়োগ করে হলেও রোহিঙ্গাদের প্রত্যাবর্তন করা হবে।
তিনি আজ সোমবার টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই-সখীপুর-ঢাকা রোডের গোড়াই ইউনিয়নের মোমিননগর ফিরদাউস নাসির ট্র্যাস্টের চেরিটেবল হেলথ কমপ্লেক্সের ১০ বেডের হাসপাতালের ইনডোর উদ্ধোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ড. গওহর রিজভী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে রোহিঙ্গাদের তার নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমার সরকারকে নানাভাবে চাপ দিয়ে যাচ্ছেন। কিন্ত মিয়ানমার সরকার বিভিন্ন কথা বলে এবং ভুল তথ্য পরিবেশন করে রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরিয়ে নিচ্ছে না। এটা মানবাধিকার লঙ্ঘন। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের রিপোর্টে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে হবে।
এ সময় ড. গওহর রিজভীর ভাই আলী জওহর রিজভী, বিমান বাহিনীর সাবেক ক্যাপ্টেন আলী আজগর রিজভী, হায়দার আলী রিজভী, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সিইও মোশারফ হোসেন, মির্জাপুর উপজেলা সহাকরী কমিশনার(ভুমি) মো. আজগর হোসেন, সহকারী পুলিশ সুপার(মির্জাপুর সার্কেল) মো. আফসার আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শারিয়ার হোসেন সাজ্জাত ও মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক মিজান উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু
