সৌদি আরবের জেদ্দায় নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস, জেদ্দা বাংলা ও ইংলিশ স্কুল, আলাদা আলাদাভাবে কর্মসূচি পালন করে।
স্থানীয় সময় সোমবার ভোর ৫টা ১ মিনিটে জেদ্দা কনস্যুলেটে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। বাংলাদেশের সঙ্গে মিলিয়ে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে জেদ্দায় বসবাসরত ৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয় জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস। সংবর্ধনা প্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন- মমতাজ হোসেন চৌধুরী, মঈন উদ্দিন ভূঁইয়া, দেলোয়ার হোসেন, মোহাম্মদ আমিন এবং শাহাবউদ্দিন।
এরপর বড় পর্দায় দেখানো হয় ঢাকা জেলা প্রশাসন কতৃক আয়োজিত বঙ্গবন্ধু স্টেডিয়ামের জাতীয় শিশু-কিশোর সমাবেশের সরাসরি সম্প্রচার। এ ছাড়া কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন কতৃক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেয়া বাণী পাঠ করে শোনানো হয়।
অনুষ্ঠানে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী, বিমান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।
ইত্তেফাক/ইউবি
