সহকারী অধ্যাপক পদে পদোন্নতির নিয়ম পরিবর্তন হওয়া জরুরি

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২১:৪৫

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল/কলেজ) স্নাতক (পাস) মহাবিদ্যালয়ের অধ্যক্ষ/ উপাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে ২৫ ফেব্রুয়ারি ২০১৯ খ্রি. স্মারক নং ৩৭.০০.০০০০.০৭৪. ০৩০.০০১.২০১৭.৫৯-এ প্রকাশিত পরিপত্রটি অভিজ্ঞ শিক্ষকদের মাঝে প্রবল হতাশা সৃষ্টি করেছে, যা শিক্ষকতার মতো একটি মহান পেশার জন্য গ্ল­ানিকর। বেসরকারি শিক্ষাব্যবস্থায় সহকারী অধ্যাপক হওয়ার ক্ষেত্রে যে আনুপাতিক হার রয়েছে,  সেটি একটি কালো আইন। যোগদানের ভিত্তিতে এখানে জ্যেষ্ঠতা নির্ধারিত হয়; মেধা, ফলাফল, পরীক্ষা ও সৃজনশীলতার কোনো মূল্যায়ন এখানে করা হয় না। অনেকটা আগে এলে আগে পাবেন ভিত্তিতে সহকারী অধ্যাপক নির্ধারিত হয়। ফলে অনেক ভালো শিক্ষক শুধু বিলম্বে যোগদান করার জন্য সহকারী অধ্যাপক হতে ব্যর্থ হন। কাজেই অধ্যক্ষ/ উপাধ্যক্ষ হওয়ার ক্ষেত্রে সহকারী অধ্যাপক হওয়া অথবা তৃতীয় বিভাগ অগ্রহণযোগ্য—এটা যথাযথ সিদ্ধান্ত হতে পারে না।

নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বর্তমান প্রজ্ঞাপনের আলোকে শিক্ষাগত যোগ্যতা যুক্তিযুক্ত বটে, তবে যাঁরা একটি তৃতীয় বিভাগধারী তত্কালীন নিয়োগে শিক্ষাগত যোগ্যতায় যোগ্য হিসেবে নিয়োগ পান, তাঁদের বেলায় পরিপত্রটি শিথিল হতে পারে। অধিক অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে তাঁরাও পদোন্নতি পাওয়ায় আশাবাদী। মধ্যপথে তাঁদের পদোন্নতি আটক দেওয়া অনেকটা অমানবিক এবং চাকরিজীবনে হতাশার জন্ম দেয়। তাই অধ্যক্ষ/উপাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে অধিক অভিজ্ঞ ও দক্ষতা সম্পন্ন শিক্ষকদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় একটি তৃতীয় বিভাগ গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি।

প্রসঙ্গত, আমরা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, তখন অনেক প্রথিতযশা শিক্ষক যাঁরা তাঁদের আদর্শ ও জ্ঞানের জ্যোতি ছড়িয়ে শিক্ষার্থীদের হূদয়ে স্থান করে নিয়েছিলেন এবং এখনো নিচ্ছেন। তাঁদের অনেকরই শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ ছিল বা আছে। কাজেই শুধু সার্টিফিকেটের মূল্যায়নের ভিত্তিতে একজন শিক্ষকের যোগ্যতা মূল্যায়ন করার অর্থই এই মহান পেশাকে ছোট করা। তাই শিক্ষাকে সর্বজনীন, যুগোপযোগী ও সৃজনশীল করার লক্ষ্যে অবশ্যই বর্তমান পরিপত্রটি পরিবর্তন ও পরিবর্ধন করে শিক্ষকদের মনোবেদনা লাঘব করার জন্য সংশ্লি­ষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

বিশ্বাস সাইদুর রহমান

সিনিয়র প্রভাষক (ইংরেজি বিভাগ),  ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজ, ভাণ্ডারিয়া, পিরোজপুর