১৭ এপ্রিল পালিত হোক ‘বাংলাদেশ সরকার দিবস’ হিসেবে

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২১:৪৫

মেহেরপুরের বৈদ্যনাথতলা, যার বর্তমান নাম মুজিবনগর। স্বাধীনতার স্থপতি এবং জাতির জনকের প্রতি পরম শ্রদ্ধা-ভালোবাসায় এই জাতি বৈদ্যনাথতলার নাম রাখে মুজিবনগর। ১০ এপ্রিল ১৯৭১ আগরতলায় বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়। তবু মূলত এই মুজিবনগরে ১৭ এপ্রিল ১৯৭১ শপথগ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অস্থায়ী সরকার তথা প্রথম সরকার। বাংলার স্বাধীনতার সূর্য অস্ত যায় এক আম্রকাননে; পলাশিতে। টানা ২১৪ বছরের পরাধীনতার পর আরেক আম্রকাননে সূর্য ওঠে স্বাধীনতার; মেহেরপুরের সেই বৈদ্যনাথতলায়। মেহেরপুরের সেই আমবাগান এখনো আছে। দেখার মতো, মনে রাখার মতো অনুপম সাজে সাজানো এর চত্বর। সত্যি এই মুজিবনগরের পথে-পথে হাঁটলে ইতিহাস কথা কয়। ঝঙ্কৃত, তরঙ্গিত, কল্লোলিত হয় সেদিনের প্রতিটি মুহূর্ত। বাস্তবে সেই স্থানটির মহিমা ও ভূমিকা অশেষ। বর্তমানে দিনটিকে ‘মুজিবনগর দিবস’ হিসেবে পালন করা হয়। ১৭ এপ্রিল তারিখটিকে আরো মর্যাদা দিতে একে ‘বাংলাদেশ সরকার দিবস’ হিসেবে পালনের বিষয়টি ভেবে দেখার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

তোফায়েল হোসেন খান

সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ,

সরকারি আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ