ইসলামী বিশ্ববিদ্যালয় লালন শাহ হল থেকে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগের কর্মী ও একজন বহিরাগতকে আটক করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। মঙ্গলবার বিকেল ৫টায় এই ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে রাত সাড়ে ৯টা পর্যন্ত থেমে থেমে ব্যাপক ভাংচুর, ককটেল বিস্ফরণ ও প্রক্টরের পদত্যাগের দাবিতে আন্দোলন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
IMG0
প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি লালন শাহ আবাসিক হলের দক্ষিণ ব্লকের নিচতলার পরিত্যক্ত খেলোয়ার রুম থেকে লোক প্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আকাশ হোসেন ও দানিয়েল নামে এক বহিরাগত কে ফেন্সিডিলের ব্যাগ, চাপাতি বিভিন্ন দেশীয় অস্ত্রসহ আটক করে। আটককৃত ব্যাগসহ ওই দুইজনকে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করে। পরে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সালাহ উদ্দীন আহম্মেদ সজলসহ বেশ কিছু নেতাকর্মী আকাশকে থানা হেফাজত থেকে নিয়ে আসে। এই ঘটনার জের ধরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাত প্রায় সাড়ে ৯টা পর্যন্ত থেমে থেমে ব্যাপক ভাংচুর ও প্রক্টরের পদত্যাগের দাবিতে আন্দোলন করে। প্রক্টরের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা হুশিয়ার করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিচার দাবি করে।
ছাত্রলীগের অভিযোগ, আবাসিক হল প্রভোস্টের অনুমতি ব্যতীত কাউকে কিছু না জানিয়ে নিজেই ওই সব মাদক দ্রব্য সরবরাহ করে ছাত্রলীগের কর্মীকে আটক করা হয়েছে। এদিকে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়া বাজারে রাত সাড়ে ১০টার দিকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর সাথে বিষয়টি সুরাহা করতে ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারী সাক্ষাত করেন।
IMG1
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পদাক জুয়েল রানা হালিমের সাথে বারবার ফোনে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেনি।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ৯ বোতল ফেন্সডিল, ৩ টি চাপাতি ও মাদকের ব্যাগসহ মো: দানিয়েল নামের একজন স্থানীয়কে সোপর্দ করেছেন। আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, ‘দুইজন বহিরাগতকে লালন শাহ আবাসিক হলের নিচ তলার খেলোয়ার রুম থেকে মাদকের ব্যাগসহ হাতেনাতে ধরেছি। একজনকে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে অন্য জন পালিয়ে গেলেও তার ব্যক্তিগত পরিচয় পত্র থেকে জানা গেছে সে মালয়েশিয়া থাকে।’
ইত্তেফাক/নূহু
