লোহাগাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে চুরির হিড়িক!

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২১:৫০

চোরেরা রাতে তালা ভেঙে ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষার খাতা, বই, ফ্যান, সৌর বিদ্যুতের সোলার প্যানেল, ব্যাটারি, টাইপ মেশিন, স্টিল আলমিরা ও ব্যবহার্য জিনিসপত্র

নিয়ে গেছে

 লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গত এক মাসের মধ্যে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সর্বশেষ গত রবিবার রাতে লোহাগাড়া মজিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এর আগে উপজেলা পরিষদের বাউন্ডারিতে অবস্থিত ফয়েজ-শফি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ বার ও উপজেলা সদরের নিকটে অবস্থিত তৈয়ব-আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ বার চুরি হয়েছে। চোরেরা রাতে তালা ভেঙে ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষার খাতা, বই, ফ্যান, সৌর বিদ্যুতের সোলার প্যানেল, ব্যাটারি, টাইপ মেশিন, স্টিল আলমিরা ও ব্যবহার্য জিনিসপত্র নিয়ে গেছে।

এ ব্যাপারে লোহাগাড়া মজিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম  জানান, রবিবার রাতে রুমের তালা ভেঙে বড় ১টি স্টিলের আলমিরা নিয়ে গেছে। ফয়েজ-শফি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেব প্রসাদ দেবু জানান, তাঁর স্কুল এই পর্যন্ত তিনবার চুরি হয়েছে।

তৈয়ব-আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবুধ কান্তি সিকদার জানান, চলতি এপ্রিল মাসে তার স্কুলে ২ বার চুরি হয়েছে। এ ব্যাপারে বিদ্যালয়গুলোর দায়িত্বপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার ওমর ফারুক  জানান, প্রাথমিক বিদ্যালয়ে ঘন ঘন চুরির ঘটনা শিক্ষার সামগ্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। চুরির ঘটনার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার মো. আকরাম হোসেন জানান, উপজেলার ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ রবিবার রাতেও ১টি বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বিদ্যালয়গুলোর ফ্যান, আলমিরা, সোলার প্যানেল,  কক্ষে রক্ষিত সমাপনী পরীক্ষার খাতা ও বইসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেছে। উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা কমিটির সভায় চুরির ঘটনা অবহিত করা হয়  এবং  থানা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে বলে তিনি জানান। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনার ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।