ফটিকছড়িতে গৃহবধূকে গলা কেটে হত্যা!

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২১:৫১

গ্রেপ্তার তিন

 ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

গত শনিবার দিবাগত গভীর রাতে ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউপিতে এক গৃহবধূকে ঘরে ঢুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের হামলায় গৃহবধূর শ্বশুরও গুরুতর আহত হয়েছে। তিনি বর্তমানে চমেক হাসপাতালে চিকিত্সাধীন।

ভুজপুর থানা পুলিশসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে হারুয়ালছড়ি ইউপির মহানগর এলাকার ভুবন মহাজন বাড়ির মিলন কান্তি দে(৫৫) এর ঘরের পেছনের জানালার পাশের দেয়াল টপকে ছাদের উপর দিয়ে দুর্বৃত্তের দল তাদের ঘরে প্রবেশ করে। এসময় প্রবাসী রূপন চন্দ্র দের স্ত্রী গৃহবধূ মামনি বালা দে (২৫) তার শোয়ার ঘরে একাই ঘুমাচ্ছিলেন। দুর্বৃত্তরা মামনিকে গলা কেটে ঘটনাস্থলেই হত্যা করে। এসময় মামনির চিত্কারে পাশের কক্ষ থেকে শ্বশুর মিলন কান্তি দে বের হয়ে এলে দুর্বৃত্তরা তার পেটে ছুরিকাঘাত করে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে ভুজপুর থানায় একটি মামলা হয়েছে।

ভুজপুর থানার ওসি শেখ মো.আব্দুল্লাহ ঘটনার পর পরই অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পাশের বাড়ির অমর দাশের ছেলে সানি দাশ (১৯), উজ্জ্বল দের ছেলে জয় দে (১৮) ও শ্যামল দের ছেলে তনয় দেকে (২০) গ্রেপ্তার করে।