চট্টগ্রামে বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২১:৫১

 চট্টগ্রাম অফিস

বন্ধুর সঙ্গে সাইকেলে চড়ে মেলায় যাওয়ার পথে নগরীতে বাসের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। গত সোমবার সকালে চান্দগাঁও থানার আরাকান সড়কের সিঅ্যান্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান উদ্দিন রায়হান (৮) চান্দগাঁও কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। চান্দগাঁও সানোয়ারা আবাসিক এলাকার জাক্কুন সওদাগর কলোনিতে তাদের বাসা।

পুলিশ জানায়, সকালে জিসান তার এক বন্ধুর সাথে সাইকেলে করে মৌলভী পুকুর পাড় এলাকায় বৈশাখী মেলায় যাচ্ছিল। এসময় কালুরঘাটগামী ১ নম্বর রুটের একটি বাস তাদের সাইকেলের পেছনে ধাক্কা দিলে জিসান পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তার চালক বন্ধুটি সামান্য আহত হয়। গুরুতর আহত জিসানকে হাসপাতালে আনা হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।