প্যারিসে বাংলা নববর্ষ উদযাপন

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২১:৪৭

প্যারিসের বাংলাদেশ দূতাবাস যথাযথ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন করেছে। শনিবার স্থানীয় সময় সকাল ১০ টার দিকে বাংলাদেশ দূতাবাসে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্যারিসে বসবাসরত প্রায় দেড় শতাধিক বাংলাদেশি নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় প্যারিসের দূতাবাস প্রাঙ্গণে স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন উপস্থিত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, 'জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলা নববর্ষ কালক্রমে বাঙ্গালী সংস্কৃতির সার্বজনীন ও সর্ববৃহৎ উৎসবে পরিণত হয়েছে'। তিনি তার বক্তব্যে ইউনেস্কো-এর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে 'মঙ্গল শোভাযাত্রা' এর অন্তর্ভূক্তির কথা উল্লেখ করে নববর্ষ উদযাপনের আন্তর্জাতিক করণের কথা তুলে ধরেন। 

অনুষ্ঠানে প্যারিসে সরকারি কার্যপোলক্ষে সফররত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসেন দূতাবাসের বৈশাখী আয়োজনে উপস্থিত হয়ে প্রবাসী বাংলাদেশিদের নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন । নানা রঙের বৈশাখী মুখোশ, ব্যানার-ফেস্টুনে দূতাবাস প্রাঙ্গণ সুসজ্জিত করা হয়। উপস্থিত সকলের অংশগ্রহণে সমবেত কণ্ঠে 'এসো হে বৈশাখ এসো এসো' গানটি পরিবেশনের মধ্য দিয়ে পহেলা বৈশাখের অনুষ্ঠানের সূচনা হয়। প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে গান ও কবিতা আবৃত্তি পরিবেশনায় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। 

 অনুষ্ঠানের শেষে আগত অতিথিদের ঐতিহ্যবাহী দেশীয় খাবারে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়। 

ইত্তেফাক/জেডএইচডি