গাড়ি বিক্রির বকেয়া টাকা চাওয়ায় বিক্রেতা প্রতিষ্ঠানকে ক্রেতা হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্রেতা প্রতিষ্ঠান ‘অটো কার সিলেটশন’ এ কর্মরত হাবিবুর রহমান নামে এক ব্যক্তি বুধবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, উত্তরার ১ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ৬ নম্বর বাসার বাসিন্দা আবুল কালাম আজাদের স্ত্রী সাহিদা বেগম অটো কার সিলেটশন থেকে একটি টয়োটা গাড়ি ক্রয় করেন। গাড়িটি ওই প্রতিষ্ঠান থেকে রেজিস্ট্রেশন করা হয়। যার নম্বর ঢাকা মেট্ট্রো ঘ-১৫-৭৬৪৮। রেজিস্ট্রেশনসহ গাড়িটির মোট দাম ১৮ লাখ ৪০ হাজার টাকা। তার মধ্যে সাহিদা বেগম ১১ লাখ টাকা পরিশোধ করেন। বাকি ৭ লাখ ৪০ হাজার টাকা তিনি আজ পর্যন্ত পরিশোধ করেননি। তার কাছে টাকা চাওয়া হলে তিনি প্রতি মাসে এক লাখ টাকা করে কিস্তিতে দেয়ার মৌখিক প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত মাত্র এক লাখ টাকা প্রদান করেছেন। বাকি টাকা চেয়ে তার মোবাইলে কল করা হলে তিনি টাকা দিবেন না বলে জানিয়ে দেন। এ ছাড়া তিনি ভয়ভীতি এবং হুমকি প্রদান করেন। এ ঘটনায় হাবিবুর রহমান রাজধানীর ভাটারা থানায় সাধারণ ডায়রি করেছেন।
এ বিষয়ে অটো কার সিলেটশনে কর্মরত হাবিবুর রহমান বলেন, সাহিদা বেগমের কাছে পাওনা টাকা চাইলে তিনি অামাকে কিস্তিতে টাকা নেয়ার জন্য বলেন। এরপর আমি অফিসের নিয়মে এমনভাবে রিকন্ডশন গাড়ির টাকা নেয়ার নিয়ম নেই জানালে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দেন। আমার জীবনের নিরাপত্তার জন্য অফিসের বসকে জানিয়ে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেছি।
এ বিষয়ে একই কথা জানালেন অটো কার সিলেটশনের ম্যানেজার মো. রিপন। এদিকে ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাধারণ ডায়রির বিষয়টি নিশ্চিত করেছেন।
