জান-ই-আলম
দল ঘোষণার তখনও ঘণ্টাখানেক বাকি। ঘর্মাক্ত দেহে বিসিবি একাডেমিতে আসলেন সৌম্য সরকার। এসেই নিজের কিটব্যাগটা খুঁজছিলেন তিনি। এক সাংবাদিক সামনে গিয়ে বললেন, সৌম্য আগাম অভিনন্দন।
কেন? নির্লিপ্ত ভঙ্গিতে জানতে চাইলেন এই বাঁহাতি ওপেনার। জনৈক সাংবাদিক বিশ্বকাপ দলের কথা উল্লেখ করলেন। সঙ্গে সঙ্গেই সৌম্য আবার বললেন, কখন দিবে বিশ্বকাপ দল। আজকে না কি?
তরুণ এই ক্রিকেটার কিছুটা দুষ্টুমির সুরেই কথা বলছিলেন তখন। প্রিমিয়ার লিগে বড় রান না পাওয়ায় কিছুটা সমালোচনা হয়েছে সৌম্যকে নিয়েও। তিনি বলছিলেন, যা হবার হবে। সুযোগ পেলেও খেলতে হবে। না পেলেও খেলতে হবে।
অবশ্য এক ঘণ্টা পর ঘোষিত বাংলাদেশের বিশ্বকাপ দলে ঠাঁই হয়েছে সৌম্যর। এটি হবে তার দ্বিতীয় বিশ্বকাপ।
গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর দেয়া বিশ্বকাপ দলে রয়েছেন বেশকিছু তরুণ ক্রিকেটার। যারা প্রথমবার বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন। ইংল্যান্ডে আগামী মাসে শুরু হতে চলা বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তারা।
এবারই প্রথম বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া
সাত ক্রিকেটার হলেন—
লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত ও আবু জায়েদ রাহী।
দল ঘোষণার পর তিন তরুণ ক্রিকেটার মুস্তাফিজ-মিঠুন-মোসাদ্দেক বলেছেন, স্বপ্নপূরণ হয়েছে তাদের। দেশের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্নটা লালন করেই ছুটেছেন তারা।
অল্প কথার মানুষ মুস্তাফিজ বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে স্বল্পভাষী হয়েই ধরা দিয়েছেন। পায়ের গোড়ালির ইনজুরিতে পড়া এই বাঁহাতি পেসার গতকাল সকালে বিসিবি একাডেমিতে জিম করেছেন। পরে বিশ্বকাপে সুযোগ পাওয়ার বিষয়ে বলেছেন, ‘যখন ক্রিকেট খেলা শুরু করি, তখন থেকেই স্বপ্ন দেশের হয়ে বিশ্বকাপ খেলব। দলে সুযোগ পেয়ে ভালো লাগছে। অবশ্যই এটা স্বপ্নপূরণ।’
মিডল অর্ডার ব্যাটসম্যান মিঠুন এখন দলে অনেকটাই অটোমেটিক চয়েস। নিজের প্রতিক্রিয়ায় গতকাল তিনি বলেছেন, ‘এটি তো অবশ্যই অন্যরকম একটি অনুভূতি। অনুভূতি তো আর বলে প্রকাশ করা যায় না। সেটা ভেতরেই থাকে।’
তবে বিশ্বকাপে দলের সেরা পারফরমার হতে চান মিঠুন। গতকাল তিনি বলেছেন, ‘অবশ্যই দলের প্রয়োজন পূরণ করা আমার প্রথম লক্ষ্য। দল আমার কাছে কী চায় সেটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর অবশ্যই যদি আমি দলের সেরা পারফর্মার হতে পারি এর থেকে ভালো কিছু তো হতে পারে না আমার জন্য। চেষ্টা করব আমি যে পজিশনে খেলব সুযোগ পেলে আমার সেরাটা দেওয়ার।’
অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে ছিলেন মোসাদ্দেক। প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ব্যাট হাতে দারুণ পারফর্ম করে বিশ্বকাপ দলে সুযোগ পেলেন তিনি।
বিশ্বকাপ খেলার স্বপ্ন সবসময় দেখে আসছেন জানিয়ে গতকাল মোসাদ্দেক বলেছেন, ‘যখন থেকে খেলা শুরু করি তখন থেকেই স্বপ্ন দেখি বিশ্বকাপে খেলব। সব বড় টুর্নামেন্টের দিকেই সবসময় ফোকাস থাকে। আমিও সেইভাবে চিন্তা করেছি যে বিশ্বকাপে খেলব, বাংলাদেশের জন্য ভালো কিছু করব। আমি ১৫ জনের দলে আছি, আমি চেষ্টা করব সুযোগ পেলে ভালো কিছু করার।’
