রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী পৌরসভার পুলিশ লাইন ও নতুন বাজারের মাঝামাঝি এলাকায় রাস্তার ওপর ফেলে রাখা ময়লা-আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে পরিবেশ দূষিতসহ ওই এলাকা দিয়ে চলাচলকারী পথচারী ও স্থানীয়রা দুর্ভোগ পোহাচ্ছে। পৌরসভা হতে সেখানে ময়লা ফেলার ডাস্টবিন দেয়া হলেও স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা তা ব্যবহার করছে না।
স্থানীয়রা অভিযোগ করেন—বিভিন্ন হোটেল ব্যবসায়ীরা তাদের হোটেলগুলোর পঁচা ও উচ্ছিষ্ট খাবার, বর্জ্যগুলো নির্দিষ্ট ডাস্টবিনে না ফেলে রাতের আঁধারে ডাস্টবিনের পাশে রাস্তায় ফেলে চলে যায়। এমনকি বিভিন্ন ব্রয়লার মুরগি ব্যবসায়ী মাংস বিক্রির পর অবশিষ্ট অংশও ফেলে রাখে। এতে করে এ এলাকায় প্রচণ্ড দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে।
রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী বলেন, ‘আমরা পৌরসভা থেকে ডাস্টবিন করে দিয়েছি। লোকজন যদি ডাস্টবিনে ময়লা না ফেলে রাস্তার ওপরে ফেলে, তাহলে তো পরিবেশ দূষিত হবেই। এ বিষয়ে জনসাধারণকে সচেতন হতে হবে। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা রাস্তার ওপর ফেলা ময়লা প্রতিদিন সকালে পরিষ্কার করছে।’
ইত্তেফাক/নূহু
