‘রিয়ালের আরো ভালো করা উচিত’

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২২:০৪

স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদ স্প্যানিশ লিগের খেলায় লেগানেস এর মাঠে গত সোমবার ড্রয়ে বাধ্য হওয়ার পর কোচ জিনেদিন জিদান বলেছেন, ক্লাবটিতে থাকা খেলোয়াড়দের সাম্প্রতিক ফলাফলের চাইতে আরো ভালো করা উচিত।

গত সেপ্টেম্বরে নিজেদের মাঠে রিয়াল এই দলটিকেই ৪-১ গোলে হারিয়েছিল। কিন্তু ঘরোয়া ও মহাদেশীয় পর্যায়ে শিরোপা জয়ের আর কোনো সুযোগ না থাকায় রিয়াল খেলোয়াড়রা যে কোনো অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন না এই ড্র তারই প্রমাণ।

সব মিলিয়ে খবর পাওয়া যাচ্ছে আগামী গ্রীষ্মে দলটিতে ব্যাপক পরিবর্তন আসন্ন। যদিও জিদান দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এখনো পরিষ্কার করে জানাননি কাদের ছেড়ে দিচ্ছেন। করিম বেনজেমার গোলে হার এড়িয়ে লেগানেস এর সঙ্গে ১-১ ড্রয়ের পর ফরাসি এই কোচ জানান রিয়ালের সব খেলোয়াড়ই উঁচু মানের। তিনি খেলা শেষের সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের যা করতে হবে তা হলো চেষ্টা চালানো। আমাদের যে সকল খেলোয়াড় আছে তাদের নিয়েই আমাদের আরো ভালো খেলতে হবে। মৌসুমটা যত খারাপই যাক, আমাদের আরো বেশি কিছু করতে হবে।’

জিদান আরো বলেন, ‘দলটি আগামী মৌসুমে আবারো প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। তবে এখনো ছয়টি খেলা বাকি এবং আমাদের চেষ্টা চালাতে হবে (ওই খেলাগুলোয়)।

ড্রটি পেতে রিয়ালকে বেনজেমার দ্বিতীয়ার্ধে দেওয়া গোলটি পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। তার আগেই লেগানেস পড়শি রিয়ালের বিরুদ্ধে প্রথম লিগ পয়েন্ট আদায়ের পথে এগিয়ে যায়। ৪৫তম  মিনিটের সময় গোলটি করেন জনাথন সিলভা।

প্রথমার্ধে  রিয়াল যেভাবে খেলে তাতে বিরক্ত জিদান। তিনি এ ব্যাপারে বলেন, ‘প্রথমার্ধে আমি যা দেখেছি, তা আমি পছন্দ করিনি। দ্বিতীয়ার্ধটা অনেক ভালো ছিল। আমরা আরো অনেক বেশি কিছু করতে পারি।’

গ্যারেথ বেলকে এই খেলাতেও বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল। এমনিতে স্প্যানিশ রাজধানীতে তার দিন ফুরিয়ে আসছে বলে গুঞ্জন আছে। সর্বশেষ বসে থাকার ঘটনায় ধারণা করা হচ্ছে রিয়ালের হয়ে এটিই হয়ত তাঁর শেষ মৌসুম।