ব্রাদার্সকে হারিয়ে দিল উত্তরা

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২২:০৬

ঢাকা প্রিমিয়ার

ক্রিকেট লিগ

স্পোর্টস রিপোর্টার

গত বছরের মতো এবারও ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের রেলিগেশন লিগে খেলছে ব্রাদার্স ইউনিয়ন। গতকাল রেলিগেশন লিগের প্রথম ম্যাচে উত্তরা স্পোর্টিংয়ের কাছে হেরে গেছে ব্রাদার্স। বিকেএসপিতে উত্তরার কাছে ১৮৮ রানে হেরেছে ব্রাদার্স। প্রিমিয়ার লিগ থেকে প্রথম বিভাগে অবনমনের লজ্জা যেন ডাকছে গোপীবাগের ক্লাবটিকে। অন্যদিকে ম্যাচ জিতে রেলিগেশন এড়ানোর লড়াইয়ে এগিয়ে গেল উত্তরা।

বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাট করে শানাজ আহমেদের সেঞ্চুরিতে ছয় উইকেটে ৩১৩ রানের বড় স্কোর গড়েছিল উত্তরা। শানাজ আহমেদ ১০৬ বলে ১১৪ রানের (১২ চার, ২ ছয়) ইনিংস খেলেন। টপঅর্ডারে তাকে ভালো সঙ্গ দিয়েছেন ৬৪ রান করা আনিসুল ইসলাম ও ৬৬ রানের ইনিংস খেলা মোহিমিনুল। এছাড়া ইনিংসের শেষ দিকে মিনহাজুল আবেদীন ২৯, মিনহাজ ১২, শাকির ১১ রান করেন। ব্রাদার্সের বিশ্বনাথ হালদার তিনটি, শাহাজাদা দুটি উইকেট নেন।

জবাবে বড় টার্গেটের চাপে ২৯.২ ওভারে ১২৫ রানে গুটিয়ে গেছে ব্রাদার্সের ইনিংস। বড় ইনিংস খেলতে পারেননি কেউই। জাহিদুজ্জামান ইনিংস সর্বোচ্চ ৪২, জুনায়েদ সিদ্দিকী ২৭, ফজলে মাহমুদ ১৫, শাকিল ১১ রান করেন। মিজানুর (৫), ইয়াসির আলী রাব্বিরা (২) পারেননি দলের প্রয়োজন মেটাতে। উত্তরার মোহিমিনুল ৩৮ রানে পাঁচটি, সাজ্জাদ হোসেন তিনটি করে উইকেট পান। অলরাউন্ড নৈপুণ্য দেখানো মোহিমিনুল ম্যাচ সেরা হন।