বিএনপি এখন গণতন্ত্র থেকে ১০০০ মাইল দূরে : তথ্যমন্ত্রী

আপডেট : ৩১ মার্চ ২০১৮, ১৩:৫৯
তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নিজেরাই কখনো আগুন সন্ত্রাস করে, কখনো জঙ্গি সন্ত্রাস করে এবং কখনো সংসদ বয়কট করে। তারা গণতন্ত্রের ঘর থেকে বেড়িয়ে গেছেন। বিএনপি এখন গণতন্ত্র থেকে ১০০০ মাইল দূরে। বিএনপি কখনো পাকিস্তানের পক্ষে উকালতি করে আবার কখনো রাজাকারদের নিয়ে জঙ্গি সন্ত্রাস করে। সেই বিএনপি এখন গণতন্ত্রের জন্য চিৎকার করছে। বিএনপির মুখে গণতন্ত্র, খালেদা জিয়ার মুখে গণতন্ত্র। কিন্তু আসলে পকেটে তাদের রাজাকার, জঙ্গি, জামায়াত ও আগুন সন্ত্রাসীরা।
 
আজ শনিবার সকালে কুষ্টিয়ার দিশা রেস্টহাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
এসময় ইনু আরো বলেন, বিএনপি গণতন্ত্রের জন্য বিশ্বাসী কোনো রাজনৈতিক দল নয়। বিএনপি বার বার প্রমাণ করেছে, তারা সব সন্ত্রাসী খুনিদের আস্তানা এবং রাজাকার, জামায়াত, জঙ্গি সন্ত্রাসীদের ঠিকানা। সেই বিএনপি বাংলাদেশের কেবলমাত্র আইনের জোরে টিকে আছে। বিএনপি একটি বিপদজনক দল হিসেবে সুনাম কুড়িয়েছে। 
 
ইনু বলেন, তথাকথিত রূপরেখাহীন সহায়ক সরকারের প্রস্তাব, সন্ত্রাসীদের ছেড়ে দেয়ার প্রস্তাব, আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা না করার প্রস্তাব, এই সব প্রস্তাব নির্বাচনে অংশ গ্রহণের পূর্বশর্ত হিসেবে বিএনপি যদি দাঁড় করায় তাহলে নিষ্পত্তি হওয়ার সম্ভবনা কম। বিএনপির এমন শর্ত দেয়ার মূল উদ্দেশ্য নির্বাচনে অংশ গ্রহণ নয়। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, আগুন সন্ত্রাসীদের বাচানো, জঙ্গি সন্ত্রাসীদের বাঁচানো এবং যুদ্ধাপরাধীদের মামলা থেকে বাঁচানো।তাদের উদ্দেশ্যে দেশে অস্বাভাবিক সরকার গঠন করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা।
 
নির্বাচন যথা সময়ে হবে এবং সংবিধান অনুযায়ীই হবে। এ ধরনের জঙ্গি এবং জঙ্গি সঙ্গীদের দমন করে বাংলাদেশে একটি স্থায়ী রাজনৈতিক সমাধানের চেষ্টা করবো।
 
এসময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশা, জেলার সিনিয়র তথ্য অফিসার তৌহিদুল ইসলাম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/কেকে