গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
উপজেলার গজঘন্টা ইউনিয়নের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন জনগুরুত্বপূর্ণ হাবু-ময়নাকুটি সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যাত্রীদের চলাচলে দুর্ভোগসহ প্রায় দিনে দুর্ঘটনা ঘটছে বলে এলাকাবাসী জানান। এলাকাবাসী জানান, হাবু-ময়নাকুটি সড়কটি রংপুর শহরের একটি সংযোগ সড়ক। সড়ক সংলগ্ন রয়েছে একটি কোল্ডস্টোরেজ। প্রতিদিন এই সড়ক দিয়ে ভারী যানবাহন যাতায়াত করার কারণে সড়কের ২ কিলোমিটার এলাকাজুড়ে খানা-খন্দে ভরা। সড়কের কোথাও কোথাও দেবে গেছে। সামান্য বৃষ্টি হলে খানা-খন্দগুলো পানিতে তলিয়ে যায়। এ কারণে এখন এই সড়ক দিয়ে যানবাহন যাতায়াত অনেকটা কমে গেছে। প্রতিদিন ঐ রাস্তা দিয়ে লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন তিস্তা সেতু পাড় হয়ে সহজে রংপুর শহর কিংবা দেশের বিভিন্ন স্থানে যেতে পারেন। ইউনিয়নের বিভিন্ন এলাকার লোকজন সাইকেল, রিকশা, ভ্যান, মোটরসাইকেলযোগে রংপুর শহরে যাতায়াত করে থাকেন। গজঘন্টা ইউপি চেয়ারম্যান ডা. আজিজুল ইসলাম বলেন, এই সড়কটি রংপুর শহর যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারী যানবাহন বিশেষ করে আলুর ট্রাক যাতায়াতের জন্য সড়কটির এমন অবস্থা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গঙ্গাচড়া এর উপ-সহকারী প্রকৌশলী ইব্রাহীম মিয়া বলেন, সড়কের লাড ক্যাপাসিটি ছিল কম। অথচ প্রতিদিন শ’ শ’ ট্রাক দিয়ে আলুর বস্তা পরিবহন করা হয়েছে। এ কারণে রাস্তাটির অবস্থা খারাপ।
গঙ্গাচড়া উপজেলা প্রকৌশলী এজেডএম আহসানঊল্লাহ বলেন, সড়কটির কিছু অংশ রংপুর সিটি কর্পোরেশেনের। তবে সড়কটি মেরামত কাজের জন্য একটি প্রকল্প পাঠানো হয়েছে পাশ হয়ে আসলে কাজ করা হবে।
