ভাঙ্গা উপজেলা এখন ভাঙ্গাবাসীর গর্ব —এমপি নিক্সন চৌধুরী

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২২:০৯

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, বাংলাদেশের মধ্যে ভাঙ্গা উপজেলা এখন ভাঙ্গাবাসীর গর্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার ভাঙ্গা উপজেলাকে ঢেলে সাজিয়েছেন। পদ্মা সেতুর সংযোগ হিসেবে ভাঙ্গা বিশ্বরোড মোড় চৌরাস্তা বিশ্বমানের একটি সড়কে রূপ নিয়েছে। একই সাথে তাদের হাতকে আরো শক্তিশালী করতে তাদের উত্স ও প্রেরণায় আমি জনগণকে সাথে নিয়ে ভাঙ্গা কুমার নদের উপর একাধিক ব্রিজ, উপজেলার বিভিন্ন হাট-বাজার ও স্কুলে যাতায়াতের জন্য ছোট ছোট ব্রিজ ও কালভার্ট নির্মাণ, রাস্তাঘাট পাকাকরণ, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বিদ্যুত্ পৌঁছে দেওয়া, মাদক নির্মূলে প্রশাসনকে সাথে নিয়ে মাদকমুক্ত উপজেলা গড়া এবং সরকারি ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠকে উপজেলা স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু করায় ভাঙ্গা এখন আধুনিক ভাঙ্গায় রূপান্তরিত হয়েছে। তিনি বলেন, প্রতিটি স্কুলের শিক্ষার্থীর জন্য খেলাধুলার ব্যবস্থা প্রতিষ্ঠানকে করতে হবে।

মঙ্গলবার ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এমপি নিক্সন আরো বলেন, আগামীতে ভাঙ্গাবাসীর একমাত্র চিকিত্সা কেন্দ্র ভাঙ্গা হাসপাতালকে ৫০ শয্যা থেকে উত্তীর্ণ করে ১০০ শয্যায় রূপান্তরিত করা হবে। আগামী এক মাসের মধ্যে হাসপাতালে যে ডাক্তার সংকট রয়েছে তা দূর করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারি ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক হায়দার হোসেন। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রবিউল ইসলাম প্রমুখ।