কৃষি তথ্যের ফেরিওয়ালা রাজিবুর!

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২২:১১

মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারা (রাজশাহী) সংবাদদাতা

আলোর ফেরিওয়ালার মত বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুর রহমান এখন বাগমারার কৃষকদের মাঝে কৃষি তথ্যের ফেরিওয়ালা হিসাবে জনপ্রিয় হয়ে ওঠেছেন। তিনি ইউটিউবে “কৃষি হাত বই” (krishi Hat boi) নামে ওয়েভ সাইট খুলে সেখানে কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্যের ভিডিও আপলোড করে কৃষক সমাজের নজর কেড়েছেন। এ যাবত্ তিনি প্রায় অর্ধশতাধিক কনটেন্ট তৈরি করে তা ইউটিউবে ছড়িয়ে দিয়েছেন। ভুট্টা, ধান, আলু, গম, পিয়াজ, পান, বেগুন, সরিষাসহ বিভিন্ন ফসলের চাষাবাদ রোগ বালাই বিষয়ে ভিডিও কনটেন্ট ছড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া বাগমারায় আম কাঁঠাল পেয়ারা নারিকেলসহ যে ফলের ব্যাপকভিত্তিক উত্পাদন হয় সেসব ফলের রোপণ পরিচর্যা ও বিভিন্ন রোগবালাইয়ের ওপর তৈরি করেন ভিডিও কনটেন্ট।

মাড়িয়ার কৃষক লুত্ফর রহমান জানান, কৃষি অফিসার রাজিবুর রহমানের তৈরি এসব ভিডিও কনটেন্ট কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তবে সব কৃষকদের মাঝে এটা এখনও পৌঁছেনি। হামিরকুত্সার কৃষক মঞ্জুর রহমান জানান, কৃষি সংক্রান্ত যে কোনো সমস্যায় পড়লে আগে কৃষি অফিসারকে মোবাইল করলে তিনি সমাধান বলে দিতেন। তবে এখন আর তাকে মোবাইল করতে হয় না। এখন আমরা ইউটিউবে গিয়ে তার তৈরি ভিডিও থেকেই সবকিছু জানতে পারি।

উপজেলা কৃষি অফিসার রাজিবুর রহমান জানান, বাগমারায় প্রায় ৮০ হাজার কৃষক পরিবার রয়েছে যাদের অধিকাংশের হাতেই রয়েছে স্মার্ট ফোন। আমরা সকল কৃষককে টার্গেট করে ভিডিও কনটেন্ট তৈরির কাজ অব্যাহত রেখেছি। এভাবে এলাকার কৃষকদের আরো সচেতন করতে পারলে কৃষকরা সার্বিকভাবে উপকৃত হতে পারবেন।

উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম জানান, কৃষি অফিসার প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মধ্যেমে এসব তথ্য আরো ব্যাপকভিত্তিক কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।               —ইত্তেফাক