মেয়র মোহাম্মদ হানিফের ৭৪তম জন্মবার্ষিকী রবিবার

আপডেট : ৩১ মার্চ ২০১৮, ২০:৩১
ঢাকার রাজনীতির নন্দিত নায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে ঘনিষ্ঠ ও স্নেহভাজন জনতার মঞ্চের রূপকার ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত সফল মেয়র মোহাম্মদ হানিফ এর ৭৪তম জন্মবার্ষিকী রবিবার। 
 
১৯৪৪ সালের ১ এপ্রিল তিনি পুরাতন ঢাকার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ছিলেন আবদুল আজিজ এবং মাতা মুন্নি বেগম এর কনিষ্ঠ সন্তান। ১৯৬৭ সালে মোহাম্মদ হানিফ ঢাকার প্রখ্যাত পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব মাজেদ সরদারের কন্যা ফাতেমা খাতুন এর সাথে পরিনয়সূত্রে আবদ্ধ হন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও দুই কন্যার জনক। 
 
১৯৯৪ সালে লক্ষাধিক ভোটের ব্যাবধানে ঢাকার প্রথম মেয়র নির্বাচিত হন। তারই নেতৃত্বে ’৯৬-এর মার্চের শেষ সপ্তাহে ‘জনতার মঞ্চ’ গঠন করেন যা ছিল আওয়ামী লীগের রাজনীতির জন্য একটি টার্নিং পয়েন্ট। ’৯৬-এর নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে গনজোয়ার সৃষ্ঠি করে আওয়ামী লীগের বিজয়ে ব্যাপক ভূমিকা রাখেন মোহাম্মদ হানিফ। 
 
২০০৬ এর ৮ ফেব্রুয়ারি মুক্তাঙ্গণে এক সমাবেশে সভাপতির বক্তৃতা দেয়ার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। ব্যাংককে র্দীঘদিন চিকিৎসা শেষে ঢাকায় ফিরে ২০০৬ সালের ২৮ নভেম্বর ৬২ বছর বয়সে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। 
 
মোহাম্মদ হানিফের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন, মেয়র হানিফ স্মৃতি সংসদসহ বিভিন্ন সামাজিক সংগঠন নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণ ইত্যাদি।
 
নন্দিত এই নেতার একমাত্র পুত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পিতার জন্মবার্ষিকীতে দেশবাসীর দোয়া কামনা করেছেন।