স্বরূপকাঠিতে গৃহবধূর গায়ে ঢালা হলো গরমপানি!

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২২:১২

৩০ শতাংশ দগ্ধ

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে গরম পানি দিয়ে হোসনেয়ারা বেগম (৪৭) নামে এক গৃহবধূকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার সুটিয়াকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত হোসনেয়ারাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিত্সাধীন হোসনেয়ারা জানান, তিনি সুটিয়াকাঠি এলাকার মৃত সুলতান খানের ছেলে আব্দুল হালিম খানের দ্বিতীয় স্ত্রী। সোমবার মাগরিবের নামাজ আদায় শেষে তিনি ঘরে সোফায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় তার সতীন বেবি, সতিনের ছেলে বেল্লাল, রমজান ও আরেক ছেলে রুহুলের স্ত্রী আইরিন হোসনেয়ারাকে মারধর করে শরীরে গরম পানি ঢেলে দেয়। তাকে উদ্ধার করতে বাইরের লোকজন যাতে না আসতে পারে সেজন্য ঘরের দরজা বন্ধ করে বিকট শব্দে সাউন্ডবক্স চালিয়ে রাখে। একপর্যায়ে প্রতিবেশীরা হোসনেয়ারার চিত্কার শুনে ছুটে এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক প্রাথমিক চিকিত্সা দিয়ে বরিশাল শেবাচিমে পাঠান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিত্সক ডা. আসাদুজ্জামান জানান, হোসনেয়ারার শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম তারিকুল ইসলাম জানান, অভিযুক্তরা পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।