ভূঞাপুরে পাঁচ উত্ত্যক্তকারীকে জরিমানা

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২২:১৩

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

ভূঞাপুরে মেয়েদের উত্ত্যক্ত করার অপরাধে পাঁচ বখাটের জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ। মঙ্গলবার দুপুরে বিভিন্ন অঙ্কে উত্ত্যক্তকারীদের জরিমানা করা হয়।

তারা হলেন, গোপালপুর উপজেলার নারুচী গ্রামের রকিবুল হোসেনের ছেলে শাকিল হোসেন, টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের জাফরের ছেলে মো. সুমন, সিরাজগঞ্জ সদর উপজেলার একডালা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মানিক, ভূঞাপুর উপজেলার আগতেরিল্যা গ্রামের শাহানশার ছেলে আল আমিন ও একই উপজেলার অর্জুনা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. মানিক হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ জানান, উপজেলার আগতেরিল্যা গ্রামে বিদ্যালয়ে যাওয়ার পথে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে পাঁচ ইভটিজার মেয়েদের বডি স্প্রে প্রয়োগ করে উত্ত্যক্ত করছিল। স্থানীয়রা পুলিশের কল সেন্টারে ফোন করে। পরে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে হাজির করা হলে তাদের প্রত্যেককে বিভিন্ন অঙ্কে জরিমানা অথবা অনাদায়ে কারাদণ্ড প্রদান করা হয়।