আশরাফুলের পাঁচ সেঞ্চুরির রেকর্ড

আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৭:১৭
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা তৃতীয় ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আজ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সেঞ্চুরি করেছেন তিনি। এর আগে গত ২০ মার্চ মোহামেডান ও বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি করেন তিনি। এটিসহ চলতি মৌসুমে ঢাকা লিগে মোট পাঁচটি সেঞ্চুরি করেন তিনি। ঘরোয়া লিগের এক আসরে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের এটি সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। 
 
ঘরোয়া লিগে আশরাফুলের এই নৈপুণ্য হয়তো জাতীয় দলের নির্বাচকদের জন্য নতুন ভাবনা তৈরি করতে পারে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগে ২০১৩ সালে থেকে তিন বছর সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে গত মৌসুমে দলে ফিরলেও এবারই ব্যাটিংয়ে জ্বলে ওঠেছেন তিনি। 
 
আজ ব্রাদার্সের বিপক্ষে আশরাফুল অপরাজিত ছিলেন ১০২ রানে। ১৩৭ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার এই ইনিংসে ৫০ ওভার শেষে কলাবাগান ৩ উইকেটে তুলেছে ২৫২ রান। কলাবাগানের পক্ষে ওয়ালিউল করিম ৯৫ বলে ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এ ছাড়া মুনিম শাহরিয়ার ৩৫ আর ফারুক হোসেন ২৮ রান করেন। ব্রাদার্সের সোহরাওয়ার্দী শুভ ৫৩ রানে নিয়েছেন ২ উইকেট।
 
লিগে সেঞ্চুরিতে আশরাফুলই শীর্ষে। তিন সেঞ্চুরি করে আশরাফুলের পেছনে জাতীয় ক্রিকেট দলের লিটন দাস। 
 
ইত্তেফাক/কেআই