বিমান দুর্ঘটনা : ৭ লাখ ডলার বীমার চেক হস্তান্তর সাধারণ বীমা করপোরেশনের

আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৮:৩৫
নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার বীমা দাবি বাবদ ৭ লাখ ডলার বা বা তার সমপরিমাণ টাকার  চেক হস্তান্তর করেছে সাধারণ বীমা করপোরেশন (এসবিসি)। 
 
রবিবার বিকেল ৪টায় রাজধানীর এসবিসির কার্যালয়ে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধির কাছে এ চেক হস্তান্তর করা হয়। এসবিসি পুন:বীমা বাবদ ৭০ লাখ ডলারের তাদের অংশের এই টাকা পরিশোধ করেছে। 
 
এসবিসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী  রুবায়াত উল ইসলাম সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শফিক শামীমের কাছে হস্তান্তর করেন। এ সময় এসবিসি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ শাহরিয়ার আহসান, ডেপুটি জেনারেল ম্যানেজার জাকির হোসেনসহ এসবিসি এবং সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন। 
 
৭০ লাখ ডলারের বাকি বিমার টাকার মধ্যে আর ৭ লাখ ডলার সমপরিমাণ অর্থ দিবে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স এবং বাকি ৫৬ লাখ ডলার অর্থ দিচ্ছে যুক্তরাজ্যের কোম্পানি কেএম দাস্তুর। 
 
গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়া ইউএস বাংলার মোট সম্পদের দায় ১০০ মিলিয়ন তথা ১০ কোটি মার্কিন ডলারে দুটি বীমা করে। এর মধ্যে প্লেনের জন্য মোট ৭০ লাখ ডলার বীমা করা হয়। আর বাকি ৩০ লাখ ডলারের বীমা করা হয় যাত্রী, কেবিন ক্রু এবং পাইলটের জন্য।
 
ইত্তেফাক/ইউবি