পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে: তাসমিমা হোসেন

আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ২০:০০
দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন বলেছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের দেশের গ্রামের মানুষকে অনেক অসুবিধা পোহাতে হয়। আমরা অনুন্নত দেশ থেকে উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছি। এ অগ্রগতিতে আমাদের গ্রামাঞ্চলের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ।
 
রবিবার দুপুরে পটুয়াখালীর পিটিআই রোডে এসডিএ মিলনায়তনে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মতবিনিময় সভায় গেস্ট অব অনারের বক্তৃতায় তিনি আরো বলেন, রাসুল (সা) বলেছেন সবার উপরে মানুষকে ভালোবাসতে হবে। হিজড়াদের সরকার তৃতীয় লিঙ্গের মর্যাদা দিয়েছে। তাদের সু-শিক্ষায় শিক্ষিতসহ নানান প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের জন্য সরকার কাজ করে যাচ্ছে।
 
তিনি হিজড়াদের উদ্দেশে বলেন, সমাজে বসবাস করতে অনেক কিছুই আমাদের মেনে নিতে হয়, সমস্যাটা আপনাদের নয়, সমস্যাটা আমরা যারা মূল জনগোষ্ঠি তাদের মধ্যে। আপনারা আপনাদের স্থানে স্বাভাবিক রয়েছেন। কিন্তু আমরা আপনাদের সহজভাবে মেনে নিতে সক্ষম হচ্ছি না। তিনি হিজড়াদের উদ্দেশ্যে বলেন, জীবনকে উপভোগ করতে শিখতে হবে। নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে স্ব-শিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যেতে হবে।
 
তাসমিমা হোসেন বলেন, আমরা নতুন দিগন্তের দিকে অগ্রসর হচ্ছি। প্রধানমন্ত্রী দিন-রাত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একক ভাবে সবকিছু করা সম্ভব নয়, তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে হবে। দেশে হিজড়া ও প্রতিবন্ধীদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। বতমানে যে সকল শিশু জন্ম হচ্ছে নানা কারণে তা শতকরা ১৫ ভাগ প্রতিবন্ধী হচ্ছে। কেউ ইচ্ছা করে হিজড়া বা প্রতিবন্ধী হয় না। বই পড়লেই শিক্ষিত হওয়া যায় না, আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তিনি হিজড়াদের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশাসন, এনজিওসহ জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
 
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমান বলেন, হিজড়াদের জীবনে হাসি আনন্দে ফিরিয়ে আনতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পটুয়াখালীর হিজড়াদের জন্য জমির বন্দোবস্তসহ তাদের কর্মসংস্থানের বিষয়ে নানা পদক্ষেপ নেয়া হয়েছে।
 
সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি আয়োজিত অনুষ্ঠানে বেসরকারি সংগঠন এসডিএর নির্বাহী পরিচালক কেএম এনায়েত হোসেন সভাপতিত্বে জেলা প্রশাসকের সহধর্মীনি সেলিনা মাছুম, জেলা সমাজসেবা কর্মকর্তা শীলা রানী দাস, পটুয়াখালী প্রেসক্লাব সভাপতি স্বপন ব্যানার্জী, সাউথ পয়েন্ট একাডেমির অধ্যক্ষ মো. সুলতান আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/আরকেজি