গাজীপুর ও খুলনা সিটির নির্বাচনী প্রচারণা সামগ্রী ৮ এপ্রিলের মধ্যে সরানোর নির্দেশ

আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ২০:২১
গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনে নির্বাচনকে কেন্দ্র করে আগামী ৮ এপ্রিল রাত ১২টার আগেই সম্ভাব্য প্রার্থীদের সব ধরণের নির্বাচনী প্রচারনা সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
 
ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি গাজীপুর ও খুলনা সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভাগীয় কমিশনার ঢাকা ও খুলনা এবং ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক ও খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে পাঠানো হয়েছে। 
 
দুই সিটির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো চিঠিতে, আগামী ১৫ মে নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিল বোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে সেগুলো অপসারণ করা প্রয়োজন। সম্ভাব্য প্রার্থীদের এমন নির্বাচনী সামগ্রী থাকলে তা ৮ এপ্রিল রাত ১২টার পূর্বে নিজ খরচে সরানোর নির্দেশনা দেয়া হয়েছে। নির্ধারিত সময়ে প্রচারণা সামগ্রী যথাযথভাবে সরানোর জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে কমিশনকে অবহিত করার জন্যও বলা হয়েছে ওই চিঠিতে। 
 
এ ছাড়া এ কাজে সহায়তায় প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য ঢাকা ও খুলনা বিভাগীয় কমিশনার এবং প্রয়োজনীয় সংখ্যক ফোর্স সরবরাহ করার জন্য ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক ও খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের  কাছে পাঠানো চিঠিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। 
 
এ দুই সিটির তফসিল ঘোষণা করে গত শনিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেন, গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১২ এপ্রিল, মনোনয়নপত্র যাচাই বাছাই ১৫ ও ১৬ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহার ২৩ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৪ এবং ভোটগ্রহণ করা হবে ১৫  মে।
 
ইত্তেফাক/ইউবি