ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগে পরীক্ষা না দিয়েও সিজিপিএ ২.৫

আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ২১:০২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে এবার পরীক্ষায় অংশগ্রহণ না করেও এক ছাত্রের সিজিপিএ-২.৫ পাওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া প্রকাশিত ওই রেজাল্টে অন্তত ২০-২৫ জন ছাত্র-ছাত্রীর ফলাফলে অসঙ্গতি থাকায় বিভাগ কর্তৃপক্ষ রেজাল্টটি প্রত্যাহার করেছে। তবে বিভাগের চেয়ারম্যান এসব ঘটনার কিছুই জানেন না বলে দাবি করেছেন। 
 
এর আগে এই বিভাগে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন না করে নম্বর দেয়ার অভিযোগ উঠেছিল দুই শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি ডিবি কমিটিতে তদান্তাধীন রয়েছে। এছাড়া বিভাগের ২০১২-১৩ সেশনের মাস্টার্স প্রথম সেমিস্টারে ‘এ’ গ্রুপের ৭৪ জন শিক্ষার্থীর মধ্যে ১৪ জন জিপিএ ফোর আউট অব ফোর পাওয়া নিয়ে সমালোচনা ঝড় উঠেছিল। 
 
গত মঙ্গলবার ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের সমাপনী পরীক্ষার প্রকাশিত ফলে এসব অসঙ্গতি ধরা পড়েছে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, শিয়াব হাসান খান ফারাবি নামে এক ছাত্র সিজিপিএ ২.৫ পেয়েছে। অথচ ভর্তি জালিয়াতিতে অভিযুক্ত ওই ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করেনি। 
 
নিয়ম অনুযায়ী পরীক্ষায় অনুপস্থিত ওই ছাত্রের ফলাফল উইথহেল্ড থাকার কথা ছিল। এ ছাড়া প্রকাশিত ওই ফলাফলে বিস্তর অসঙ্গতি দেখা যায় বলে বিভাগের শিক্ষার্থীরা অভিযোগ করেন। বিভাগের একাধিক শিক্ষার্থী বলেন, একাধিক শিক্ষার্থীর পূর্বের সিমেস্টারের রেজাল্টের সঙ্গে প্রকাশিত রেজাল্টের আকাশ-পাতাল তফাৎ ছিল। এসব কারণে ছাত্রদের মধ্যে ক্ষোভ শুরু হয়। এতে বিভাগ কর্তৃপক্ষ পুনরায় রেজাল্ট প্রকাশের ঘোষণা দিয়ে রেজাল্ট প্রত্যাহার করে নেন। 
IMG0
বিভাগ সূত্রে জানা যায়, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা পূর্বের সিমেস্টারের রেজাল্টকে কপি করে দিয়েছেন। তারা কোনো রেজাল্ট পরীক্ষা করেন নাই। শিক্ষকদের চরম গাফিলতি কারণে এটি হয়েছে। 
 
রেজাল্ট প্রত্যাহারের বিষয়ে ওই সিমেস্টার সমন্বয়ক অধ্যাপক ড. মো. ছানাউল্লাহ বলেন, টেবুলেশনে কিছু কারেকশন আছে। এ কারণে ফলাফল প্রত্যাহার করা হয়েছে। পরীক্ষা না দিয়েও সিজিপিএ পেয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমনটি হয়নি। 
 
ফলাফল প্রত্যাহারের বিষয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহম্মদ শফিকুর রহমান বলেন, ‘এটা আমি এখনো জানি না। ছুটির দিন তো, এটা আমার জানার কথা না। রেজাল্ট প্রকাশের দিন ছুটির দিন ছিল না প্রশ্নের কথার জবাবে তিনি বলেন, আমি জানি না।  
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে পরীক্ষায় অনুপস্থিত ছাত্রের সিজিপিএ পাওয়ার বিষয়টি অবহিত করলে তিনি বলেন, এটা হতে পারে না।
 
ইত্তেফাক/ইউবি