মানববন্ধনে সুলতানা কামাল
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল। তিনি বলেন, ২০১৮ সালে হাজারের উপর নারী ধর্ষিত হয়েছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৬৩ জনকে। এদের বিচার হবে কবে? আমরা বিচারহীনতার সংস্কৃতিতে ভুগছি। এজন্য এ ধরনের ঘটনা বারবার ঘটছে। গতকাল মঙ্গলবার জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার বিচার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেয় জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ নারী মুক্তি সংসদ, যৌন ও নারী নিপীড়ন প্রতিরোধ আন্দোলন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, বাংলাদেশ যুব মৈত্রী, জাতীয় হকার্স ফেডারেশন, বাংলাদেশ ছাত্র মৈত্রী, গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ ৭১ সোসাইটি, দক্ষিণ বাংলা নারী আইনজীবী পরিষদ। মানববন্ধন শেষে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে সুলতানা কামাল যৌন নিপীড়নের বিরুদ্ধে বিচার, সমাজ এবং রাষ্ট্রকে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
