ডায়াবেটিসে ত্বকের যত্ন

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২২:২৩

ডা. তানজিয়া নাহার তিনা

ডায়াবেটিস আক্রান্ত রোগীদের শরীরের যে কোনো অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি ত্বকও আক্রান্ত হতে পারে নানান সমস্যায়। তাই ডায়াবেটিস আক্রান্ত সকলেরই ত্বকের যত্নে প্রয়োজন সতর্কতা। শরীরের উচ্চ শর্করা ত্বককে করে দেয় শুষ্ক। শুষ্ক রুক্ষ ত্বকে তৈরি হয় চুলকানি, ফেটে যাওয়াসহ নানা সমস্যা। এছাড়া রক্তের অতিরিক্ত শর্করা ছত্রাক আক্রমণের জন্য অন্যতম কারণ। ছত্রাক আক্রমণের কারণে শরীরের বিভিন্ন স্থানে বিশেষ করে ভাঁজসমূহে তৈরি হয় ফুসকুড়ি, চুলকানি ইত্যাদি। ডায়াবেটিস আক্রান্ত রোগীদের গলার ত্বক, ঘাড়ে, বাহুমূলে ও কুঁচকিতে কালো খসখসে মোটা ত্বকের সৃষ্টি হয় যাকে অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্স বলা হয়। এসব সমস্যা ছাড়াও আরো অনেক ধরনের ত্বকের সমস্যায় ভুগে থাকেন রোগীরা। তাই প্রয়োজন বাড়তি সতর্কতা। বিশেষ করে—

রক্তে শর্করার পরিমাণ সর্বদা নিয়ন্ত্রণে রাখা। ত্বকের শুষ্কতা প্রতিরোধে প্রচুর পানি পান করা। এছাড়া ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন। গোসলে অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান পরিহার করা উচিত। সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা প্রয়োজন। ধূমপান পরিহার করা উচিত। যে কোনো কাটাছেড়া, অথবা ফুসকুড়ি ইত্যাদি লক্ষ্য করলে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করা উচিত।

লেখক : চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ